আয়কর মেলায় দ্বিতীয় দিনে আদায় ৩ গুণ
আয়কর মেলার দ্বিতীয় দিনে ৫২৭ কোটি টাকার কর আদায় হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, যা প্রথম দিনের চেয়ে তিন গুণ।
বৃহস্পতিবার আয়কর বিবরণী দাখিল করেছেন ১৭ হাজার ২১৮ জন করদাতা। তিন হাজার ২২৮ জন ই-টিআইএন নিবন্ধন করেছেন। সবমিলিয়ে সেবা নিয়েছেন এক লাখেরও বেশি মানুষ।
বুধবার থেকে সারা দেশে শুরু হয়েছে এই আয়কর মেলা। পুরো সপ্তাহজুড়ে ঢাকাসহ বিভিন্ন মহানগরে তা চলবে। মেলা বসেছে জেলা-উপজেলায়ও।
এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্বিতীয় দিনে সবমিলিয়ে ৫২৬ কোটি ৭৮ লাখ ৩৪১ টাকা কর আদায় হয়েছে। রিটার্ন দাখিল করেছেন ১৭ হাজার ২১৮ জন। তিন হাজার ২২৮ জন ই-টিআইএন নিবন্ধন করেছেন। সেবা এক লাখ ৫ হাজার ৩৫৭ জন।
“দ্বিতীয় দিনে কর আদায়ের পরিমাণ গতবারের মেলার দ্বিতীয় দিনের চেয়ে ১১ শতাংশ বেশি,” বলেন তিনি।
প্রথম দিন ১৫৩ কোটি ২০ লাখ টাকার কর আদায় হয়েছিল। সেবা নিয়েছিলেন ৫৭ হাজার ৪৭ জন। রিটার্ন দাখিল করেন ১৪ হাজার ৯৯৮ জন। দুই হাজার ৭০৫ জন ই-টিআইএন নিবন্ধন করেছিলেন।
দ্বিতীয় দিনে ঢাকাসহ সব মেলাতেই করদাতাদের উপচেপড়া ভিড় ছিল বলে এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে। শুক্রবার জুমার নামাজের জন্য ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।
ঢাকার অফিসার্স ক্লাবে কেন্দ্রীয় আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১’ এর সফল বাস্তবায়নের প্রত্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে এবারের আয়কর মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’।
