২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনে ১৫৩ কোটি টাকা কর আদায়

আয়কর মেলার প্রথম দিনে ১৫৩ কোটি টাকার কর আদায় হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 10:36 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পুরনো খবর:

আয়কর মেলায় চট্টগ্রামে প্রথমদিনে আদায় ২৮ কোটি টাকা

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মেলাগুলো থেকে এই কর আদায় হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বুধবার থেকে সারা দেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এই আয়কর মেলা।

এর মধ্যে ১৬ থেকে ২২ সেপ্টেম্বর ঢাকাসহ সকল বিভাগীয় শহরে সাত দিন, অন্য সব জেলা শহরে চার দিন এবং প্রথমবারের মতো ২৯টি উপজেলায় দুই দিন করে করমেলা অনুষ্ঠিত হবে।

এছাড়া ৫৭টি উপজেলায় এক দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে বলে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে।

বুধবার সকালে ঢাকার অফিসার্স ক্লাবে কেন্দ্রীয় আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১’ এর সফল বাস্তবায়নের প্রত্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে এবারের আয়কর মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’।

এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম দিনে সারা দেশের আয়কর মেলাগুলো থেকে সবমিলিয়ে ৫৭ হাজার ৪৭ জন সেবা গ্রহণ করেছেন। আয়কর রিটার্ন দাখিল করেছেন ১৪ হাজার ৯৯৮ জন। আয়কর আদায় হয়েছে ১৫৩ কোটি ২০ লাখ টাকা।

এছাড়া দুই হাজার ৭০৫ জন ই-টিআইএন নিবন্ধন করেছেন; ই-টিআইএন পুনঃনিবন্ধন করেছেন ৮২৭ জন।