২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর মেলায় চট্টগ্রামে প্রথমদিনে আদায় ২৮ কোটি টাকা

চট্টগ্রামে আয়কর মেলার প্রথম দিনে ২৮ কোটি টাকার আয়কর জমা পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 09:57 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বুধবার সকালে নগরীর আগ্রাবাদের সরকারি কার্যভবন সংলগ্ন মাঠে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

প্রথম দিনে ৭৮৮ জন করদাতা তাদের আয়কর বিবরণী জমা দিয়েছেন বলে মেলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফরিদ উদ্দিন, চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার অপূর্ব কান্তি দাশ, কর অঞ্চল-২ এর কমিশনার প্রদ্যুৎ কুমার সরকার, কর অঞ্চল-৩ এর কমিশনার নজরুল ইসলাম ও কর অঞ্জল-৪ এর কমিশনার মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।

কর সচেতনতা বৃদ্ধি ও কর আদায় সহজতর করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এবারের মেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রথম দিনে মোট ২৮ কোটি ২০ লাখ ৯২৮ টাকার আয়কর জমা পড়েছে বলে জানান চট্টগ্রাম কর অঞ্চল-২ এর সহকারী কমিশনার হাসানুর রহমান।

বুধবার মেলা পরিদর্শন করেছেন ১৫ হাজার ৭৮২ জন। মেলায় ই-টিআইএন নিবন্ধন করেছেন ১২২ জন এবং ই-টিআইএন পুনঃনিবন্ধন করেছেন দুজন।

সারাদেশের মতো চট্টগ্রামের মেলায়ও করদাতাদের কর তথ্য ও সব ধরনের সেবা সহজ করতে চট্টগ্রামের প্রতিটি কর অঞ্চল ও সার্কেলে পৃথক বুথ স্থাপন করা হয়েছে।

গত বছর চট্টগ্রামের আয়কর মেলায় ৩৫২ কোটি টাকার কর আদায় হয়। চলতি অর্থবছরে চট্টগ্রামের চারটি কর অঞ্চল মিলিয়ে আট হাজার কোটি টাকার আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।