শিক্ষার্থীদের ব্যয় না বাড়াতে ভ্যাট প্রত্যাহার: এনবিআর
বেসরকারি উচ্চ শিক্ষায় ভ্যাট প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলেছে, শিক্ষার্থীদের ব্যয় না বাড়ানোর উদ্দেশ্য থেকে এই সিদ্ধান্ত।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভ্যাটের সিদ্ধান্ত থেকে পিছু হটে সোমবার বিকালে অর্থ মন্ত্রণালয় ব্যাখ্যায় বলেছিল, “সরকার কোনোমতেই শিক্ষাঙ্গনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় না এবং জনজীবনে অসুবিধাও সৃষ্টি করতে চায় না।”
অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির পর রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহার করে একটি বিশেষ আদেশ জারি করে এনবিআর, যা গত ৪ জুন থেকে কার্যকর বলে জানানো হয়।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, “যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজসমুহে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য অতিরিক্ত ব্যয় হয় এবং যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃক প্রদত্ত সেবার উপর মূল্য সংযোজন কর আরোপ করি, শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ব্যয় অধিকতর বৃদ্ধি পাবে।
“সেহেতু জাতীয় রাজস্ব বোর্ড মুল্য সংযোজন কর আইন ১৯৯১ এর ধারা ১৪ এর উপধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃক প্রদত্ত সেবাকে মুল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রদান করিল।”
গত কয়েকদিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভ্যাট আরোপের পক্ষেই বলে আসছিলেন।
দুদিন আগেও তিনি বলেছিলেন, “আমি একটি হিসাব করে দেখেছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর প্রতিদিন খরচ হয় এক হাজার টাকা। এটা তার ফি, বইয়ের খরচ, লাইব্রেরি ফি, খাওয়া-দাওয়াসহ। আমি সেখান থেকে কত চেয়েছি? মাত্র ৭৫ টাকা।”
চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে টিউশন ফির উপর সাড়ে ৭ শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপ করা হয়।
ভ্যাট ভোক্তাদের দিতে হয় বলে শিক্ষার্থীরা এই বাড়তি ব্যয় না চাপানোর আহ্বান জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অবরোধ, তাই গাড়ি নেই; দুর্ভোগের এই চিত্র ঢাকার রামপুরার।
কিন্তু তাতে সরকার সাড়া না দেওয়ায় গত বৃহস্পতিবার একযোগে ঢাকার কয়েকটি সড়ক অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। এতে যানজটে অচল হয়ে পড়া রাজধানীতে জনদুর্ভোগ চরমে ওঠে।
তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়, ওই ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোও ভ্যাট দিতে রাজি হয়।
কিন্তু শিক্ষার্থীরা তাতে নমনীয় না হয়ে আন্দোলন অব্যাহত রাখে। ভ্যাটের অজুহাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ফি বাড়িয়ে দেবে বলে তারা আশঙ্কা প্রকাশ করে। পাশাপাশি তারা বলে, টিউশন ফিতে ভ্যাট আরোপের মধ্য দিয়ে সরকার শিক্ষাকে পণ্য হিসেবে দেখার প্রতিফলন ঘটিয়েছে।
শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানিয়ে বক্তব্য আসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠনের কাছ থেকে। ভ্যাট প্রত্যাহারের অনুরোধ করেন সরকারি দলের নেতারাও।
এর মধ্যে সোমবার সকালে অবরোধ চলার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের ফাঁকে এনবিআর চেয়ারম্যানকে ডেকে নিয়ে ভ্যাট প্রত্যাহারের নির্দেশনা দেন।
পরে অর্থ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসে।
এরপর দুপুরে আয়কর দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান নজিবুর বলেন, “রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় বিবেচনায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তারপর রাতে এনবিআরের আদেশ জারি হয়, যাতে শিক্ষার্থীদের ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টিকে সিদ্ধান্তের কারণ দেখানো হয়।
