ভ্যাট দেবে কর্তৃপক্ষ, সতর্ক হতে হবে শিক্ষার্থীদের: মুহিত
বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভ্যাটের অর্থ দিতে ‘রাজি’ হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এই অজুহাত দেখিয়ে বিশ্ববিদ্যালয়গুলো যাতে অন্য কোনো খাতে বাড়তি অর্থ নিতে না পারে সে বিষয়ে ছাত্র-ছাত্রীদের সতর্ক থাকতে হবে।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি আগেও বলেছি, এখনও বলছি এবারের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর যে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দেবে। ইতোমধ্যে তারা সে ঘোষণাও দিয়েছে।
“আমি ছাত্র-ছাত্রীদের অনুরোধ করছি, তোমরা সতর্ক থেকো…। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে ভবিষ্যতে এই ভ্যাটের অজুহাত দেখিয়ে নতুন করে টিউশন ফি বা অন্য কোনো নামে বাড়তি অর্থ নিতে না পারে, সেজন্য আন্দোলন করো।”
রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা ‘বিতর্ক বিকাশ’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী একথা বলেন।
বেসরকারি সংস্থা ব্র্যাক ও এটিএন বাংলার সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
বক্তৃতার এক পর্যায়ে মুহিত বলেন, “আমি বক্তৃতা দিতে গেলে নানান বিষয়ে কথা বলি। এজন্য অবশ্য অনেকের বিরাগভাজন হই। বিব্রতকর অবস্থায়ও পড়তে হয়। অনেক সময় সংশোধনও করে নিতে হয়। এটাকে আমি সমাজজীবনের অংশ বলেই মনে করি।”
ভ্যাটের বিষয়ে ছাত্র-ছাত্রীদের সতর্ক করে দিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, “ফিস-টিস, ডেভলপমেন্ট ফান্ড ইত্যাদির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভ্যাটের টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করতে পারে। শিক্ষার্থীদের সতর্ক করে আমি বলেছি, তোমরা (শিক্ষার্থী) আগামী শিক্ষাবর্ষের জন্য প্রস্তুতি নাও। আন্দোলন করো যাতে ভ্যাটের অজুহাতে তোমাদের ফিস আবার না বাড়ে।”
পাঁচ বছরে জাতীয় বাজেটের অকার ৯৫ হাজার কোটি টাকা থেকে থেকে প্রায় তিন লাখ কোটি টাকা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “দেশের উন্নয়নের জন্য রাজস্ব আদায় বাড়াতেই হবে। আর এই রাজস্বের জন্য আমাদের নানান জায়গায় হাত দিতে হয়।
“স্বাস্থ্যসেবায় আমাদের বেশি খরচ করতে হচ্ছে। এছাড়া আরও অনেক খাত থেকে আমাদের উপর হুকুম আসছে, সে খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। সে টাকাটা কোথা থেকে আসবে? সেটার জন্য রাজস্ব আদায় বাড়াতে হবে। আর এই রাজস্ব বাড়াতেই আমাদের বিভিন্ন জায়গায় খোঁচা দিতে হয়।”
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপ ‘সেটারই’ একটি অংশ বলে উল্লেখ করেন মুহিত।
তিনি বলেন, “আমি একটি হিসাব করে দেখেছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর প্রতিদিন খরচ হয় এক হাজার টাকা। এটা তার ফি, বইয়ের খরচ, লাইব্রেরি ফি, খাওয়া-দাওয়াসহ। আমি সেখান থেকে কত চেয়েছি? মাত্র ৭৫ টাকা।
“বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি বলেছি যে, এই সাড়ে ৭ শতাংশ ভ্যাট, যেটা টিউশন ফি আদায় হচ্ছে সেখান থেকে দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে রাজি হয়েছে।”
বৃহস্পতিবার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে যানজটে পুরো রাজধানী কার্যত অচল হয়ে পড়ে। এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিবৃতিতে জানায়, টিউশন ফির ওপর এই ভ্যাট আলাদা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে না বরং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারকে এই ভ্যাট পরিশোধ করবে।
তারপরেও ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।
‘ব্যাংক সুদ হার কমালে সঞ্চয়পত্রের সুদের হার কমানো হবে’
অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমাতে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ প্রসঙ্গে মুহিত বলেন, ব্যাংক ঋণের সুদের হার কখনই সরকার নির্ধারণ করে দেয়
না। সরকার শুধু সঞ্চয়পত্রের সুদের হার নির্ধারণ করে দেয়। বিভিন্ন সময়ে এই হার সমন্বয় করা হয়।
“ব্যাংক মালিকরা ব্যাংক ঋণের সুদের হার নির্ধারণ করে থাকে। তারা যদি নিজেরা বসে ঋণের সুদের হার কমায় তাহলে আমি সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে দেব।
“আমাদের মূল্যস্ফীতি এখন ৬ শতাংশের একটু বেশি। স্বাভাবিক নিয়মে ব্যাংক ঋণের সুদের হার মূল্যস্ফীতির হারের চেয়ে ২ শতাংশ বেশি হতে পারে।”
সে হিসাবে বাংলাদেশের বর্তমান পেক্ষাপটে ব্যাংক ঋণের সুদের হার ১০ শতাংশের বেশি হওয়া উচিৎ নয় বলে মন্তব্য করেন মুহিত।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসা বক্তব্য রাখেন।
