আয়কর মেলা এবার উপজেলায়ও
প্রায় পৌনে ২ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করার পর এবার আদায় বাড়াতে উপজেলা পর্যায়েও আয়কর মেলা হবে।
আগামী ১৬ সেপ্টেম্বর দেশজুড়ে শুরু হবে সপ্তাহব্যাপী আয়কর মেলা। বিভাগীয় সাতটি শহর, ৬৪টি জেলা শহরের সঙ্গে এই প্রথম ৮৬টি উপজেলায় আয়কর মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বাৎসরিক এই আয়োজনের বিস্তারিত তুলে ধরতে সোমবার এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান উপজেলা পর্যায়েও আয়কর মেলা আয়োজনের কথা জানান।
তিনি বলেন, “সমন্বিত ও পৃথক জরিপের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ২ লাখ ৭০ হাজার জনকে করজালের আওতায় আনা হয়েছে। জরিপের পাশাপাশি স্পট এসেসমেন্টের মাধ্যমে আরও বেশকিছু করদাতাকে করজালের আওতায় আনা হয়েছে।”
এবারের আয়কর মেলার মুল প্রতিপাদ্য হচ্ছে ‘সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’। স্লোগান ঠিক হয়েছে- ‘সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’।
১৫ সেপ্টেম্বর এনবিআর জাতীয় আয়কর দিবস পালন করবে। সেদিন রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে দেশের সেরা করদাতা ৩৯০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিতও করা হবে।
আয়কর পরিশোধে সবাইকে উৎসাহিত করা ও আয়কর বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০৮ সাল থেকে প্রতিবছর ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস পালন করে আসছে এনবিআর।
২০১০ সাল থেকে আয়কর মেলার আয়োজন করছে সরকারের রাজস্ব আদায়কারী সংস্থাটি। মেলার প্রধান আয়োজন হয় ঢাকার বেইলি রোডে অফিসার্স ক্লাবে। সেখানে মোট ১৭২টি বুথে করদাতাদের বিভিন্ন ধরনের সেবা দেওয়া হবে।
এবারের মেলায় প্রথমবারের মতো শুল্ক, মুল্য সংযোজন কর (ভ্যাট) ও জাতীয় সঞ্চয় পরিদপ্তরের আলাদা আলাদা বুথ থাকবে। মেলায় মুক্তিযোদ্ধা, মহিলা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে।
করদাতারা আয়কর মেলায় ২০১৫-১৬ করবর্ষের কর দিতে পারবেন।
মেলায় নতুন করদাতাদের ই-টিআইএন নিবন্ধন এবং পুরানো করদাতাদের পুনঃনিবন্ধনের ব্যবস্থা থাকবে। অনলাইনে আয়কর পরিশোধেও সহযোগিতা করা হবে।
এনবিআরের ওয়েবসাইট থেকে ট্যাক্স ক্যালকুলেটর সফটওয়্যার ব্যবহার করে করদাতারা কীভাবে নিজেদের করের হিসাব করবেন, তাও শেখানো হবে মেলায়।
এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরে সরকার ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আয়কর থেকে আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৬৪ হাজার ৯৭১ কোটি টাকা।
“আশা করছি, আয়কর মেলা এই লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”
২০১৪ সালের আয়কর মেলা থেকে ১ হাজার ৬৭৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। আর আয়কর বিবরণী দাখিল করেছিলেন ১ লাখ ৪৯ হাজার ৩০৯ জন।
গত মেলায় নতুন ইটিআইএন ইস্যু হয়েছিল ২৬ হাজার ৭৪৫টি। মেলা থেকে ৬ লাখ ৪৯ হাজার ১৮৫ জন ব্যক্তি বিভিন্ন সেবা গ্রহণ করেছিলেন।
ঢাকা ও বিভাগীয় শহরে মেলা চলবে সাত দিন। জেলা শহরে হবে চার দিন। ৮৬টি উপজেলার মধ্যে ২৯টি উপজেলায় দুদিন এবং ৫৭টি উপজেলায় একদিন মেলা হবে।
উপজেলার মেলাকে ভ্রাম্যমাণ আয়কর মেলা বলেছেন চেয়ারম্যান।
