২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাওনা রাজস্বও আসেনি

ষোল বছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে সরকারের ১২৩ কোটি টাকা রাজস্ব পাওয়ার কথা থাকলেও এর অর্ধেকও পায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 08:33 AM

Updated : 26 Jul 2022, 12:05 PM

টিউশন ফিতে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তৈরি করা একটি প্রতিবেদনে এই তথ্য মিলেছে। 

এতে দেখা যায়, ১২৩ কোটি ৪৭ লাখ টাকা রাজস্ব পাওয়ার কথা থাকলেও মামলা সংক্রান্ত জটিলতায় আটকে আছে ৮৫ কোটি টাকা।

গত ১৬ অর্থবছরে (১৯৯৮-৯৯ থেকে ২০১৪-১৫) ৬৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকার ৪৭ কোটি ৭৭ লাখ ৯১ হাজার ২৩৬ টাকা আয়কর পেয়েছে।  

হাই কোর্টে বিচারাধীন মামলায় ৮৫ কোটি ৩৮ লাখ ২৩ হাজার ২১৯ টাকা রাজস্ব আটকে আছে।

সর্বশেষ ২০১৪-১৫ অর্থবছরেও কোনো কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময়মতো আয়কর বিবরণীও দাখিল করেনি। এজন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়কে জরিমানাও করেছে এনবিআর।

বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের ওপর ১৫ শতাংশ হারে কর নেয় সরকার।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সমিতি এক সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনকভাবে বিভিন্ন ট্রাস্টের অধীনে পরিচালিত হয় বলে আয়ের ওপর কর হওয়া উচিত নয়। 

তবে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা মুনাফা করছেন দাবি করে তাদের কাছ থেকে কর নেওয়ার কথা বলেছেন আইন প্রণেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

চলতি ২০১৬-১৭ অর্থবছরে সরকার বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ মুল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করার পর শিক্ষার্থীরা আন্দোলনে নামে।

এই অবস্থায় শিক্ষার্থীরা বৃহস্পতিবার অবরোধ করলে রাজধানীর সড়কগুলো থমকে যায়। এর পরিপ্রেক্ষিততে সরকার ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে না নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে নেবে বলে জানায়।

তবে তারপরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলছে,ভ্যাটের অর্থ জোগাতে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের উপরই তারা ফি চাপিয়ে দেবে।

এর মধ্যেই এনবিআর ৬৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের থেকে ১৯৯৮-৯৯ অর্থবছর থেকে কী পরিমাণ রাজস্ব আদায় করা হয়েছে, কত বকেয়া আছে, কী পরিমাণ রাজস্ব মামলার কারণে আটকে আছে, কোন কোন বিশ্ববিদ্যালয় সময়মতো আয়কর বিবরণী দেয়নি, তা নিয়ে প্রতিবেদন তৈরি করেছে।

প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে দিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে এনবিআরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৬ বছরে ঢাকা শহরের ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ধার্য করের পরিমাণ ১০৫ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৪৭৭ টাকা। ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ের করের পরিমাণ ১৮ কোটি ৩ লাখ ১৭ হাজার ২৩৬ টাকা।

এই সময়ে ঢাকা শহরের ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিশোধ করেছে ৩৯ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ৪৭১ টাকা। ঢাকার বাইরেরগুলো পরিশোধ করেছে ৮ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৭৬৫ টাকা।

এসব বিশ্ববিদ্যালয়ের কাছে ৭৫ কোটি ৬৯ লাখ ৫২ হাজার ৪৭৭ টাকা বকেয়া রয়েছে।

মোট ২৫টি বিশ্ববিদ্যালয়ের আয়কর বিষয়ে মামলা রয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩টি ঢাকার, দুটি বাইরের।

এদিকে টিউশন ফির ওপর সরকার ভ্যাট আরোপ করার পর কোনো কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থেকে সব ধরনের সেবার উপর সাড়ে ৭ শতাংশ হারে টাকা কাটা শুরু করেছে বলেও তথ্য উঠে এসেছে।

সিলেটের একটি বিশ্ববিদ্যালয় সব ধরনের ফি (ভর্তি ফি, টিউশন ফি, সেমিস্টার ফি, ল্যাব ফি ইত্যাদি) এর উপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট নেওয়া শুরু করলে তা এনবিআরের নজরে আসে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে শিক্ষার্থীদের টিউশন ফির উপর ভ্যাট আরোপ করে সরকারের কী পরিমাণ রাজস্ব আয় হবে, সে বিষয়ে এনবিআর থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে আন্দোলন চলছে বলে কোনো কর্মকর্তাই মুখ খুলতে চাননি।

এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য সময় চাইলেও তিনি সুযোগ দিতে পারেননি। তার মোবাইল ফোনে কল করা হলেও ফোনও ধরেননি। 

তবে ভ্যাট সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক্ষেত্রে কোনো আগাম প্রক্ষেপন করা কঠিন। একেক বিশ্ববিদ্যালয়ে একেক রকম ফিস। আবার কারিকুলামও আলাদা। কোনো কোনো ক্ষেত্রে একটি কোর্স ২ বছরে শেষ হচ্ছে। আবার অন্যদের ক্ষেত্রে সেটি কম বা বেশি সময় লাগছে। ফলে আগাম এসেসমেন্ট করা কঠিন।”