২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশু পরিবহন নির্বিঘ্ন করতে চিঠি

কোরবানির পশু পরিবহন নির্বিঘ্ন করতে দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের চিঠি দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 10:53 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

চিঠিতে পশু পরিবহনে বাধা বিপত্তি ও অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের অনুরোধ করা হয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক মাহবুব আহমেদ স্বাক্ষরিত অধিদপ্তরের চিঠিতে বলা হয়, “পরিবহনের সময় বাধা বিপত্তি ও অবৈধ চাঁদাবাজির কারণে পশুর দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়েই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে।”

এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্যও অনুরোধ করা হয় চিঠিতে।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও চামড়া ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, প্রতি বছর দেশে ৬৫ থেকে ৭০ লাখ পশু কোরবানি করা হয়। এরমধ্যে প্রায় ৩৫ লাখ গরু, বাকি ছাগল, মহিষ, উট, দুম্বা ও ভেড়া।

এই লাখ লাখ পশু দেশের বিভিন্ন স্থানে কোরবানির ঈদের এক সপ্তাহ আগে থেকে পরিবহন করা হয়ে থাকে।

অভিযোগ রয়েছে, এক শ্রেণির অসাধু রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তি, এমনকি আইন-শৃংখলা বাহিনীর কোন কোন সদস্য সড়কে পশু বহনকারী গাড়ি আটকিয়ে চাঁদা আদায় করে থাকে।

তবে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।