বাণিজ্যিক আইআরসির বিপরীতে বাকিতে আমদানি বন্ধের নির্দেশনা
এখন থেকে কমার্শিয়াল (বাণিজ্যিক) আইআরসির বিপরীতে বাকিতে শিল্পের কাঁচামাল, মোড়ক সামগ্রী, খুচরা যন্ত্রাংশ এমনকি মূলধনী যন্ত্রপাতিও আমদানি করা যাবে না।
সাধারণত ইন্ডাস্ট্রিয়াল (শিল্প) আইআরসির বিপরীতে বাকিতে আমদানি করা যায়।
বাংলাদেশ ব্যাংক থেকে সম্প্রতি পাঠানো ওই চিঠিতে বলা হয়, “কমার্শিয়াল আইআরসির বিপরীতে শিল্পের কাঁচামাল, মোড়ক সামগ্রী, খুচরা যন্ত্রাংশ এমনকি মূলধনী যন্ত্রপাতি নগদে আমদানি করতে হবে।
“বৈদেশিক মুদ্রা লেনদেনের বিধিমালা-২০০৯ এর ৩৩(এ) ধারায় যা কিছু থাকুক না কেন, বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া আমদানি নীতি আদেশের এই ধারার ব্যত্যয় ঘটিয়ে আমদানির কোনো অবকাশ এডি ব্যাংকের নেই।”
চিঠিতে বলা হয়, কোস্টাল ভেসেল, সমুদ্র জাহাজ, কৃষি যন্ত্রপাতি, রাসায়নিক সার, জীবন রক্ষাকারী ওষুধ বিলম্বে মূল্য পরিশোধ ব্যবস্থায় অর্থাৎ বাকিতে শিল্প আইআরসির পরিবর্তে বাণিজ্যিক আইআরসির মাধ্যমে আমদানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমোদন নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিস্ট বিভাগের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি তারা জানতে পারেন যে, বাংলাদেশে কাজ করছে এমন মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোসহ বেশকিছু প্রতিষ্ঠান শিল্প আইআরসির পণ্য বাণিজ্যিক আইআরসির আওতায় আমদানি করছে।
“এ ধরনের আমদানিতে আমদানিকারক দেশি ব্যাংকের পরিবর্তে বিদেশি ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগ পায়। এতে দেশীয় ব্যাংকের তহবিল ব্যবহার কমে যাওয়ার পাশাপাশি দেশ থেকে ঋণের সুদ বাবদ অর্থও দেশের বাইরে চলে যায়,” বলেন তিনি।
