দুগ্ধজাত খাবারের মান নিয়ন্ত্রণ করবে ডেইরি উন্নয়ন বোর্ড, আইন হচ্ছে
এ আইন হলে দুগ্ধজাত খাবারের মান নিয়ন্ত্রণের বিষয়টি আর বিএসটিআইয়ের অধীনে থাকবে না বলে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন।
দেশজুড়ে খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং দুগ্ধজাত খাবারের মান নিয়ন্ত্রণে বোর্ড গঠনের লক্ষ্যে একটি আইন করার প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২২’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পরে সাংবদিকদের বলেন, গরু ও ছাগলের দুধ ব্যবস্থাপনার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ আইনের প্রস্তাব মন্ত্রিসভায় তোলে।
এ আইনের অধীনে একটি বোর্ড থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেই বোর্ডে চেয়ারম্যান এবং তার সঙ্গে সদস্যরা থাকবেন। তারা দুগ্ধজাত খাবারের মান ও গুণাগুণের বিষয়টি নিশ্চিত করবেন।
“বিএসটিআই বিভিন্ন পণ্যের মানের বিষয়টি নিশ্চিত করে। কিন্তু দুগ্ধজাত খাবারের মানের বিষয়টি নিশ্চিত করবে এ প্রতিষ্ঠান (ডেইরি উন্নয়ন বোর্ড)। এটা বিএসটিআইয়ের অধীনে যাবে না।”
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “এ আইন কার্যকর করা হলে খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য হিসেবে সরবরাহ নিশ্চিত করারও সুযোগ থাকবে।”
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী পদাধিকার বলে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন। প্রতিমন্ত্রী, একজন এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকবেন এই বোর্ডে।
এ আইনের অধীন কোনো অপরাধ কেউ করলে শাস্তি কী হবে, সে বিষয়েও বলা হয়েছে আইনের খসড়ায়।
