১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মেজবানি থেকে সাতকরা: ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুরু হয়েছে আট বিভাগের খাবারের উৎসব

উৎসবজুড়ে খাবারের পাশাপাশি থাকছে বাউলগান, নজরুলসংগীত, গম্ভীরা, লালনসংগীত ও কাওয়ালির আসর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 05:10 PM

Updated : 12 Nov 2026, 05:10 PM

মাথার ওপর রঙিন পতাকার সারি আর চারপাশে বাঁশ-বেতের ডালা, কুলা, ঝুড়ি ও মাটির পাত্রের লোকজ সাজ। কলাপাতার সবুজ ছোঁয়ার মাঝে খাবারের টেবিলে অপেক্ষা করছে দেশের আট বিভাগের ঐতিহ্যবাহী সব পদ।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে শুরু হওয়া দশ দিনব্যাপী ‘ফ্লেভারফুল বাংলাদেশ ২০২৬’ উৎসব এভাবেই তুলে ধরছে বাংলাদেশের বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্য।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন এবং দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের যৌথ সহযোগিতায় ১১ নভেম্বর থেকে এই উৎসব শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রেদেরিক ইনজা, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন ও দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের উপদেষ্টা ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মহাব্যবস্থাপক ডেভিড ও’হ্যানলন, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান এবং দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি সুজিত মুস্তাফা।

তিন শতাধিক পদের সমাহার

এবারের আয়োজনে দেশি-বিদেশি মিলিয়ে ৩০০টিরও বেশি খাবারের পদ রাখা হয়েছে। বিদেশি অতিথিদের কথা মাথায় রেখে থাকছে নানান ধরনের রুটি, পিৎজা, মাংসের পদ এবং আন্তর্জাতিক মিষ্টান্ন।

পাশাপাশি দেশীয় ভর্তা, সালাদ, ফুচকা ও চটপটির মতো পরিচিত খাবারও পাওয়া যাচ্ছে। তবে পুরো আয়োজনের মূল আকর্ষণ জুড়ে রয়েছে দেশের আটটি বিভাগের আটটি বিশেষ আঞ্চলিক পদ।

আট বিভাগের প্রতিনিধিত্বকারী আট পদ

চট্টগ্রামের মেজবানি গরুর মাংস: বিভিন্ন মসলার ঘন মিশ্রণ ও ঝাল স্বাদের এই পদ চট্টগ্রামের সামাজিক ভোজের ঐতিহ্য বহন করে।

খুলনার চুইঝাল গরুর মাংস: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশেষ মসলা চুইয়ের নিজস্ব ঝাঁজ ও ঘ্রাণ এই পদে ভিন্ন মাত্রা যোগ করেছে।

সিলেটের সাতকরা মুরগি: মুরগির মাংসের সঙ্গে সাতকরার খোসার সুগন্ধ ও হালকা তিতকুটে-টক স্বাদ সিলেটি রান্নার স্বতন্ত্র পরিচয় দেয়।

কাঁচা আম দিয়ে মুরগির ঝোল: আমের স্বাভাবিক টকভাব মুরগির ঝোলে এনে দেয় এক সতেজ স্বাদ।

মাছের দুটি বিশেষ পদ: নদীমাতৃক বাংলাদেশের খাদ্যসংস্কৃতির পরিচায়ক হিসেবে থাকছে চাল ও মসলায় রান্না ইলিশের মুড়িঘণ্ট এবং দইয়ের টক-ঝাল স্বাদে বোয়াল মাছের দইঝাল।

কাচ্চি বিরিয়ানি ও ভুনা খিচুড়ি: সুগন্ধি চাল, মাংস ও মসলার সমন্বয়ে তৈরি কাচ্চি বিরিয়ানি এবং চাল-ডালের ঘন স্বাদের ভুনা খিচুড়ি বাঙালির চিরচেনা ভোজের আমেজ দিচ্ছে।

দেশীয় পিঠা ও মিষ্টান্ন: ঝাল ও মসলাদার পদের পাশাপাশি মিষ্টিমুখের জন্য রয়েছে চালের গুঁড়া, নারিকেল ও গুড়ের তৈরি পাটিসাপটা, পুলি পিঠা এবং নারিকেল পাকন পিঠা। এছাড়াও থাকছে শাহি টুকরা, গুড়ের পায়েশ এবং রসমালাইসহ দেশি-বিদেশি নানান মিষ্টান্ন।

খাবারের বাইরেও বাংলার লোকজ সংস্কৃতি

উৎসবজুড়ে খাবারের পাশাপাশি থাকছে বাউলগান, নজরুলসংগীত, গম্ভীরা, লালনসংগীত ও কাওয়ালির আসর।

মণিপুরি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নৃত্য পরিবেশনার সঙ্গে আরও থাকছে চিত্রপ্রদর্শনী, শিল্পশিবির এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের স্টল।

সময়সূচি ও খরচ
২০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উৎসবের রাতের বুফে চলবে।

জনপ্রতি খরচ নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫শ’ টাকা। তবে অংশীদার ব্যাংকের নির্বাচিত কার্ডে একটি কিনলে তিনটি পাওয়ার বিশেষ সুবিধা রয়েছে।

এছাড়া আইএইচজি ওয়ান রিওয়ার্ডস সদস্যদের জন্য খাবার ও পানীয়তে ২৫ শতাংশ ছাড় থাকছে। আগাম আসন সংরক্ষণের জন্য ০১৭১৩-০৪৭৬৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে।