Published : 11 Jun 2026, 04:33 PM
সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের আওতায় ৬৫ বছরের বেশি বয়সি জ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিনামূল্যে রেল ভ্রমণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে।
তবে মেট্রোরেলে ভাড়া দিতে হবে। সে ক্ষেত্রে জ্যেষ্ঠ নাগরিকেরা ২৫ শতাংশ ছাড় পাবেন।
এসব সুযোগ রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বহুল আলোচিত ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের সুরক্ষা ভাতার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এই অংশেই ৬৫ বছরের বেশি বয়সি নাগরিকদের জন্য রেল ভ্রমণে এই সুবিধার কথা বলা হয়েছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি অংশে বলা হয়, প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩৮ লাখে উন্নীত করা হবে এবং মাসিক ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করা হবে। ভাতাপ্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যাও এক লাখে উন্নীত করে এবং স্তরভেদে মাসিক ভাতা ১ হাজার থেকে ১৪০০ টাকা করা হবে।
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসে দেওয়া হবে ৮৫০ টাকা।
ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হবে।