২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরের ২২ দিনে রেমিটেন্স এল ১০৬ কোটি

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে বেশ কিছুদিন থেকে চেষ্টা চালিয়ে আসছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 01:16 AM

Updated : 17 Jan 2024, 01:16 AM

প্রবাসীদের দেশে আয় পাঠানোর নিম্নমুখী ধারা বজায় রয়েছে চলতি মাসেও; সেপ্টেম্বরের ২২ দিনে রেমিটেন্স এসেছে ১০৫ কোটি ৪৯ লাখ ডলার। গড়ে দৈনিক রেমিটেন্স আসার পরিমাণ প্রায় চার কোটি ৭৮ লাখ ডলার। আগের মাস অগাস্টে এর পরিমাণ ছিল পাঁচ কোটি ১৫ লাখ ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত রেমিটেন্স সংক্রান্ত সবশেষ প্রতিবেদনের তথ্যে দেখা যায়, গড় হিসাব বিবেচনায় গত অগাস্টের তুলনায় রেমিটেন্স কম আসছে। আগের বছরের সেপ্টেম্বরের চেয়েও প্রবাহ কিছুটা কম। ওই মাসে গড়ে দৈনিক রেমিটেন্স এসেছিল পাঁচ কোটি ১৩ লাখ ডলার। 

সবশেষ মাসওয়ারী হিসাবে গত অগাস্টে রেমিটেন্স এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৪৭ শতাংশ বা ৪৩ কোটি ৭৪ লাখ ডলার কম। এটি একক মাস হিসেবে আগের পাঁচ মাসের চেয়ে কম।

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে বেশ কিছুদিন থেকে চেষ্টা চালিয়ে আসছে সরকার। এজন্য প্রণোদনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন নিয়ম ও শর্ত শিথিল করা হয়েছে। বাড়ানো হয়েছে ডলারের দরও। গত ৩ সেপ্টেম্বর আরেক দফায় ৫০ পয়সা বাড়িয়ে রেমিটেন্সের দর ঠিক করা হয়েছে ১০৯ টাকা ৫০ পয়সা। 

এরপরও প্রবাসীদের আয় বৈধ পথে আসার পরিমাণ বাড়ছে না। ডলার সংকটের মধ্যে রেমিটেন্স আসাতেও ভাটার কারণে চাপ তৈরি হয়েছে রিজার্ভে।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)