২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪১ মাসের সর্বনিম্ন রেমিটেন্স সেপ্টেম্বরে

এর চেয়ে কম রেমিটেন্স এসেছিল ২০২০ সালের এপ্রিলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 05:18 PM

Updated : 22 Oct 2023, 05:18 PM

প্রবাসী আয়ে পতনের ধারা শুরু হয়েছিল জুলাই মাসেই, সেপ্টেম্বরে এল বড় ধরনের দুঃসংবাদ।

বাংলাদেশ ব্যাংক রোববার জানিয়েছে, গেল মাসে ব্যাংকিং চ্যানেলে মোট ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে এর চেয়ে কম রেমিটেন্স এসেছিল ২০২০ সালের এপ্রিলে, সেই মাসে ১০৯ কোটি ২৯ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর প্রভাব শুরু হয় ২০২০ সালের মার্চে। ততদিনে বিশ্বজুড়ে শুরু হয়েছে লকডাউনের বিধিনিষেধ। পরের মাস এপ্রিলের রেমিটেন্সে তার প্রভাব পড়ে। অবশ্য পরে তা সামলে উঠে ওই বছর জুলাইয়ে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিটেন্স আছে। 

২০২২ সালের সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছিল। সেই হিসেবে এ বছর সেপ্টেম্বরে রেমিটেন্স কমেছে ১২ দশমিক ৭২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে ১০৫ কোটি ৪৯ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। তখন দৈনিক গড় রেমিটেন্স প্রবাহ ছিল চার কোটি ৭৮ লাখ ডলার। পরে তা আরো কমে গেছে। পুরো মাস শেষে দৈনিক গড় দাঁড়িয়েছে চার কোটি ৪৭ লাখ ডলারে। ২০২২ সালের সেপ্টেম্বরে দৈনিক গড় ছিল পাঁচ কোটি ১৩ লাখ ডলার।

সর্বশেষ এ বছর জুনে দুইশ কোটি ডলারের বেশি (২১৯ কোটি ৯০ লাখ) রেমিটেন্স দেশে এসেছিল। এরপর জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ, অগাস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলারের রেমিটেন্স আসে। 

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর পরামর্শ রয়েছে বাংলাদেশকে দেওয়া ঋণ চুক্তির শর্তে। জনশক্তি রপ্তানির পরিমাণ বাড়লেও প্রবাসী আয়ের একটি বড় অংশ হুন্ডিতে আসায় রেমিটেন্স কমছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর ডলারের বিনিময় হার বাড়ানোর সিদ্ধান্ত নেয় অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।

সেবাখাতসহ সব ধরনের রপ্তানি আয়, বিদেশ থেকে আসা রেমিটেন্স, আন্তঃব্যাংকে কেনার ক্ষেত্রে ডলারের দর ঠিক করা হয় ১১০ টাকা, আগে যা ছিল ১০৯ টাকা ৫০ পয়সা।

অন্যদিকে আমদানি, আন্তঃব্যাংক, বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ডলারের বিনিময় হার ঠিক হয় সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সা, যা আগে ১১০ টাকা ছিল।

(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)