রিজার্ভে স্বস্তি ফেরার সম্ভাবনা জোরালো হচ্ছে: প্রধানমন্ত্রী
সর্বশেষ গত ৩১ মে রিজার্ভে ২৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার ছিল।
সরকার অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করার পাশাপাশি প্রবাসী আয় উৎসাহিত করার মত বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় আগামীতে রিজার্ভে ‘স্বস্তি’ ফিরে আসার সম্ভাবনা ‘জোরালো হচ্ছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
প্রধানমন্ত্রী জানান, ২০১৭-১৮ অর্থ বছরে দেশে বিদেশি মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। মূল্যস্ফীতির চাপ এবং কোভিড পরবর্তী চাহিদা বৃদ্ধির কারণে ২০২১-২০২২ অর্থ বছরে আমদানি বেড়ে যাওয়ায় বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যের ওপর কিছুটা চাপ তৈরি হয়।
“এ চাপ মোকাবিলা করতে গিয়ে পরবর্তীতে রিজার্ভ কমতে শুরু করে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার শুরু করলে রিজার্ভের পরিমাণ কমে যাওয়ার হার আরও বৃদ্ধি পায়।”
সর্বশেষ গত ৩১ মে রিজার্ভে ২৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার ছিল জানিয়ে সরকারপ্রধান বলেন, এই অর্থ চার মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানোর জন্য ‘যথেষ্ট’।
সরকারি দলের সংসদ সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পতিত জমি চাষাবাদের উদ্যোগ নেওয়ায় ইতোমধ্যে প্রায় ৫৫ হাজার হেক্টর পতিত জমি চাষাবাদের আওতায় এসেছে।
“সরকারের কৃষিবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়নের ফলে ধান, ভুট্টা, আলু, সবজি ও ফলসহ অন্যান্য ফসলের উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলদেশ বিশ্বে চাল উৎপাদনে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে। এছাড়া ২২টি কৃষি পণ্য উৎপাদনে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে।”
তিনি বলেন, মহামারীর অভিঘাত মোকাবিলায় দেশের কৃষিখাত অগ্রণী ভূমিকা রেখেছে। বর্তমান সংকট মোকাবিলায় কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সরকার সচেষ্ট রয়েছে।
