বিমান ভাড়ায় রকেট গতি মালয়েশিয়া যেতে পথের কাঁটা
কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মালয়েশিয়া কর্মী যেতে যে টাকা লাগবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বাস্তবে লাগছে তার কয়েকগুণ বেশি। দেশটিতে শ্রমবাজার খুলতে না খুলতেই বেড়ে গেছে বিমানের টিকেটের দাম।
এমনিতেই অতিরিক্ত টাকা দিয়ে মালয়েশিয়ায় যেতে হচ্ছে শ্রমিকদের, সেখানে বিমানের ভাড়া বৃদ্ধি তাদের কাছে মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে।
এই কর্মীদেরই একজন নোয়াখালীর জয়নাল আবেদিন। দুই হাজার রিঙ্গিত (১ রিঙ্গিত= ২৪ দশমিক ১৫ টাকা) বেতনে তার কাজ ঠিক হয়েছে মালয়েশিয়ার একটি নির্মাণ কোম্পানিতে।
স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে জয়নালের, বিমানে ওঠার বাকি। কিন্তু এখন তার এজেন্সি বলছে মার্চ মাসেও টিকেট নেই। ৩০ হাজারের টিকেট লাখ টাকাতেও নাকি পাওয়া যাচ্ছে না। এদিকে তার খরচ ৪ লাখ টাকা ছাড়িয়ে যাচ্ছে।
“টিকেটের দাম জোগাইতেই তো দুই মাসের বেতন যাইব গা,” বলেন জয়নাল। তার শঙ্কা এখন ঠিক সময়ে বিদেশে কাজে যোগ দিতে পারবেন কি না?
মালয়েশিয়া সরকার পাঁচটি খাতে সরকারি-বেসরকারি (জিটুজি প্লাস) পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিতে রাজি হওয়ার পর ২০১৬ সালে ঢাকায় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। চুক্তির আওতায় পাঁচ বছরে লোক পাঠানোর অনুমতি দেওয়া হয় ১০টি জনশক্তি রপ্তানিকারক কোম্পানিকে।
কিন্তু প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর নেতৃত্বে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগসাজশে একটি চক্র ওই ১০ এজেন্সিকে নিয়ে ‘সিন্ডিকেট’ গড়ে শ্রমিকদের কাছ থেকে দুই বছরে ২০০ কোটি রিঙ্গিত হাতিয়ে নেয় বলে অভিযোগ ওঠে।
এরপর ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে নতুন করে বাংলাদেশি কর্মীদের আর ভিসা দেয়নি মালয়েশিয়া। সরকারের তরফে নানা দেন-দরবার আর করোনাভাইরাস মহামারীর মধ্যে শ্রমিক সংকটের প্রেক্ষাপটে ২০২১ সালের ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নিতে পুনরায় সমঝোতা স্মারক সই হয়। গত আগস্ট থেকে বাংলাদেশি কর্মীরা আবার মালয়েশিয়ামুখী হয়েছেন।
গত বছরের ২ জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এ বছরের মধ্যে ২ লাখ কর্মী পাঠানোর যাবে বলে জানিয়েছিলেন।
খরচ নিয়ে তিনি বলেছিলেন, “আগেরবার কর্মী পাঠানোর সময় ১ লাখ ৬০ হাজার টাকা আমরা নির্ধারণ করেছিলাম। এবার সেটা থেকেও কমে আসবে।”
তবে গত অগাস্ট থেকে যে কর্মীরা মালয়েশিয়ায় যাচ্ছেন, তাদের কারোরই খরচ ৪ লাখ টাকার নিচে নামেনি বলে খোঁজ নিয়ে জানা গেছে।
বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালয়েশিয়া কর্মী যাওয়ার কথা ৭৯ হাজার টাকায়, কিন্তু সিন্ডিকেটের কারণে চার থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত লাগছে।”
ব্র্যাকের এই কর্মকর্তা জানান, অগাস্ট থেকে ৭৫ হাজার কর্মী গেছে। আরও লাখখানেক কর্মীর স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়ে আছে। কিন্তু টিকেটের সংকট দেখা দিয়েছে।
টিকেটের উচ্চ দামের কারণ কী, সমাধান কী
কোভিড মহামারী শুরুর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ার বাংলাদেশি জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে গেলে এয়ারলাইন্সগুলো ওই রুটে ফ্লাইট সংখ্যা কমিয়ে দেয়।
গত অগাস্ট মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার পর সপ্তাহে ৫ থেকে ৬ হাজার কর্মীকে যাওয়ার ছাড়পত্র দিচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। এরপর থেকেই সংকটের শুরু। কোভিড সংক্রমণ কমে এলে ২০২১ সালের শেষ দিকে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার খুলে দেওয়ার পর দুবাই, জেদ্দা, ওমান, বাহরাইনের ওয়ানওয়ে একটি টিকেটের দাম যেমন লাখ টাকা ছাড়িয়ে গিয়েছিল, মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রেও এখন তেমন অবস্থা তৈরি হয়েছে।
বাংলাদেশের ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের সভাপতি এস এন মনজুর মোর্শেদ মাহবুব বলেন, গত নভেম্বর থেকে কুয়ালালামপুরের টিকেটের দাম চড়ছেই। যে ভাড়াটা ছিল আগে ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে, সেই ভাড়াটা ৬০ থেকে ৭০ হাজার টাকায় উঠেছে।
এর জন্য এয়ারলাইন্স ও তাদের টিকেট বিক্রির এজেন্টদের (জিএসএ) দায়ী করে মোর্শেদ বলেন, “ট্রাভেল এজেন্সি কী করবে? তাদের কাছ থেকে যদি এয়ারলাইন্সগুলো বাড়তি ভাড়া নেয়, তাহলে তাদের কী করার আছে। মালয়েশিয়ায় এখন অনেক শ্রমিক ভাইয়েরা যাচ্ছে এ কারণে মার্কেটে মালয়েশিয়ার টিকিটের একটা ডিমান্ড আছে। কিন্তু ডিমান্ড বেড়েছে বলেই কী সবক্ষেত্রে এয়ারলাইন্সগুলো অসহনীয় পর্যায়ে অতিরিক্ত ভাড়া আদায় করবে?”
বিমানের ভাড়া বাড়ার ক্ষেত্রে ডলারের দাম বৃদ্ধিকেও কারণ হিসেবে উল্লেখ করেন তিনি; এর মধ্যে আবার জেট ফুয়েলের দামও বেড়েছে।
ঢাকা থেকে বিমান, ইউএস বাংলা, এয়ার এশিয়া, মালয়েশিয়ান এয়ারলাইন্স ও বাতিক এয়ার (পূর্বে মালিন্দো এয়ার নামে পরিচালিত) সরাসরি ফ্লাইট পরিচালনা করে। রোববার সন্ধ্যায় বাতিক এয়ারের ওয়েবসাইটে কুয়ালালামপুরের একমুখী টিকেটের দাম দেখায় ৮০ হাজার ২৩২ টাকা। তখন আর মাত্র তিনটি টিকেট অবশিষ্ট ছিল।
রোববার ৭টা ২৬ মিনিটে এয়ার এশিয়ার ওয়েবসাইটে ২৮ ফেব্রুয়ারির ভাড়া ৭৬ হাজার ৮৯৬ টাকা, ইউএস বাংলার ভাড়া ৮০ হাজার ২৪৪ টাকা দেখাচ্ছিল। সরাসরি গেলে ভ্রমণ সময় পৌনে চার থেকে চার ঘণ্টার মতো। এই সময়েই ১ মার্চ এয়ার এশিয়ায় কলকাতা থেকে কুয়ালালামপুরের টিকেটের দাম দেখাচ্ছিল ৮ হাজার রুপি, ভ্রমণ সময় ৩ ঘণ্টা ৫০ মিনিট।
আবার এয়ার এশিয়া বা থাই এয়ারওয়েজে ব্যাংককে ট্রানজিট নিয়ে গেলে ভাড়া কমে ৫২ থেকে ৫৫ হাজারের মধ্যে আসে। সেক্ষেত্রে ভ্রমণ সময় বেড়ে ছয় থেকে ১৫ ঘণ্টায় গিয়ে ঠেকতে পারে।
তবে ঢাকার বিমানবন্দরের একজন কর্মকর্তা বলছেন, টিকেট সস্তায় পেতে কিছু যাত্রী দুটি পৃথক এয়ারলাইন্সে একবার বিরতি দিয়ে যাওয়ার জন্য টিকেট কেটে বিপাকে পড়ছেন। এভাবে যেতে গেলে তাদের যে দেশটিতে বিরতি দেওয়া হচ্ছে, সেখানকারও ভিসা প্রয়োজন হয়। তবে একই এয়ারলাইন্সে ট্রানজিট যাত্রীদের কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে ব্যাংকক হয়ে থাই এয়ার বা এয়ার এশিয়ার টিকিট কাটছেন অনেকে।
বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে মালয়েশিয়ার টিকেটের চাহিদা বেড়েছে। তবে তারা সব টিকেট ‘ওপেন’ রেখেছেন এবং যাত্রীর পাসপোর্টের তথ্য ছাড়া কোনো বুকিংয়েরও সুযোগ নেই।
তার ভাষ্য, ফ্লাইট সংখ্যা বাড়াতে পারলেই এ সংকট কেটে যাবে।
“তবে চাইলেই তো আর ফ্লাইট বাড়ানো যায় না, অনেকগুলো অনুমোদনের বিষয় রয়েছে,” যোগ করেন কামরুল।
আটাবের সভাপতি মনজুর মোর্শেদ বলেন, “নিয়ন্ত্রক সংস্থা সিভিল এভিয়েশন অথরিটি যদি একসঙ্গে উদ্যোগ গ্রহণ করে, এয়ারলাইন্সগুলোর সঙ্গে বসে, তাহলে ভাড়াটা সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর ভুমিকা রাখতে পারে।”
প্রবাসী শ্রমিকদের এই নিয়মিত সংকট মোকাবেলায় সরকারকেই কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান।
তিনি বলেন, “যখনই কোনো একটা দেশে কর্মীদের চাহিদা বাড়ে, তখনই টিকেটের দাম বেড়ে যায়। এই প্রবাসী শ্রমিকদের রক্ষায় সরকারকে উদ্যোগ নিতে পারে। সরকার চাইলে আলোচনার মাধ্যমে ফ্লাইট বাড়ানোর সুযোগ দিতে পারে।
“রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমানের মাধ্যমে ভাড়া করে এনে হলেও বাড়তি ফ্লাইট চালানো উচিৎ। আর সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উচিৎ এয়ারলাইন্সগুলোর সঙ্গে বসে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণের ব্যবস্থা করা।”
তবে প্রবাসী কর্মীদের সমস্যা দ্রুত সমাধানের ক্ষেত্রে সমন্বয়ের সমস্যার দিকটিও তুলে ধরেন শরীফুল।
তিনি বলেন, প্রবাসী কর্মীদের জন্য আলাদা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, আবার বিমানের বিষয়টি দেখে আলাদা মন্ত্রণালয়, দূতাবাসগুলো দেখভাল করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, আবার পাসপোর্ট ও ইমিগ্রেশনের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ কারণে প্রবাসীদের কোনো সমস্যায় ত্বরিত সমাধান পাওয়া যায় না।
“আমরা মনে করি, প্রবাসীদের বিষয় সংশ্লিষ্ট সবগুলো মন্ত্রণালয়কে এক ছাদের নিচে আনাটা জরুরি,” বলেন তিনি।
