২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান যুদ্ধের আঁচ প্রবাসী আয়ে লাগবে না তো?

এখন পর্যন্ত কাজ বা বেতন নিয়ে ভয় নেই প্রবাসীদের। তাদের ভয়, যুদ্ধের মেয়াদ ও ব্যাপ্তি নিয়ে।

ইরান যুদ্ধের আঁচ প্রবাসী আয়ে লাগবে না তো?
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দীর্ঘ অপেক্ষার মধ্যে লাগেজের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন এক যাত্রী। ছবি: আব্দুল্লাহ আল মমীন

শেখ আবু তালেব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 11:49 AM

Updated : 26 Aug 2026, 03:12 PM

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব দেশের প্রবাসী আয়ে এখনো না পড়লেও সেটা কতদিন ঠিকঠাক থাকবে, সেই প্রশ্ন সামনে এসেছে।

বিশেষ করে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর আঁচ থেকে বিদেশি মুদ্রার গুরুত্বপূর্ণ প্রবাহ অক্ষুণ্ন রাখা যাবে কিনা, তা নিয়ে শঙ্কার কথা শুনিয়েছেন প্রবাসীরা। 

তারা বলেছেন, এখন পর্যন্ত কাজ বা বেতন নিয়ে তাদের ভয় নেই। তাদের ভয়, যুদ্ধের মেয়াদ ও ব্যাপ্তি নিয়ে।   

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর মধ্যদিয়ে যুদ্ধের সূত্রপাত ঘটায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমানসহ ১০ থেকে ১২টি দেশে পাল্টা হামলা শুরু করে ইরান। হামলার নিশানা করা হয় এসব দেশের মার্কিন সামরিক ঘাঁটি ও জ্বালানি স্থাপনা।

প্রায় তিন সপ্তাহ ধরে চলা এ যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেশ কয়েকজন প্রবাসীর প্রাণ গেছে, যাদের বেশির ভাগই ভারতীয় ও বাংলাদেশি।

যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জাহাজপথ কার্যত বন্ধ আছে। ফলে ইউরোপ-আমেরিকাসহ অনেক দেশে বেড়ে গেছে তেলের দাম।     

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে পুরো বিশ্বে অর্থনৈতিক অস্থিরতা দেখা দেবে। বিশেষ করে মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষক বেশি ভুগতে হতে পারে। 

কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের মতো দেশে মূল্যস্ফীতির পাশাপাশি প্রবাসী আয়ে ধাক্কা আসারও শঙ্কা রয়েছে। কারণ, বাংলাদেশের প্রবাসী আয়ের প্রায় ৬০ শতাংশের বেশি আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, যুদ্ধ প্রায় তিন সপ্তাহ হতে চললেও এখনো তেমন প্রভাব পড়েনি প্রবাসী আয়ে। 

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের মধ্যে চলতি মাসের তৃতীয় সপ্তাহের প্রান্তে এসে দেখা যায়, রেমিটেন্স প্রবাহ বেড়েছে।

রোজা ও ঈদ উপলক্ষে গত বছরের মার্চ মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসে। ওই মাসে রেমিটেন্স আসে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। দৈনিক গড় রেমিটেন্স ছিল ১০ কোটি ৬৩ লাখ ডলার।

ইরানি ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। ছবি: রয়টার্স

ইরানি ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মোট রেমিটেন্স আসে ২৫২ কোটি ৭৬ লাখ ডলার।

এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৩ কোটি ৪৯ লাখ ডলার, সৌদি আরব থেকে ৩২ কোটি ৮৮ লাখ ডলার, কুয়েত থেকে ১৪ কোটি ১১ লাখ ডলার, ওমান থেকে ১২ কোটি ৩৭ লাখ ডলার, কাতার থেকে ১০ কোটি ডলার, বাহরাইন ৫ কোটি ৬২ লাখ ডলার, জর্ডান ১ কোটি ৪১ লাখ ডলার ও ইরাক থেকে ৬০ লাখ ডলার আসে। 

এই ৮ দেশ থেকে রেমিটেন্স আসে ১১০ কোটি ৫০ লাখ ডলার। যা মোট রেমিটেন্সের ৪৩ দশমিক ৭১ শতাংশ।

গত মাসে দেশে রেমিটেন্স আসে ৩০২ কোটি ৭ হাজার ডলার। সেই হিসাবে, গত বছরের ফেব্রুয়ারির চেয়ে রেমিটেন্স বেশি আসে ৪৯ কোটি ৩১ লাখ ডলার (১৯ দশমিক ৫০ শতাংশ)।

আগের বছরের তুলনায় গত ফেব্রুয়ারি মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ ৮ দেশ থেকেই রেমিটেন্স প্রবাহ বেড়েছে।

এবারও ফেব্রুয়ারি ও মার্চ মিলিয়ে রোজা এবং ঈদ পড়েছে। তাতে রেমিটেন্স প্রবাহ বেড়ে গেছে। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, মার্চের প্রথম ১৪ দিনে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ২২০ কোটি ৫০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে আসে ১৬২ কোটি ৫০ লাখ ডলার।

এ হিসাবে চলতি মাসে এখন পর্যন্ত রেমিটেন্স প্রবৃদ্ধি ৩৫ দশমিক ৭ শতাংশ। 

ঈদের আগে চলতি মাসের ১৪ দিনে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে ১৫ কোটি ৭৫ লাখ ডলার। আগের বছরের এই সময়ে যা ছিল ১১ কোটি ৬০ লাখ ডলার।

২০২৫ সালের মার্চে মোট রেমিটেন্সের ৬২ শতাংশের যোগানদাতা ছিল ম্যধপ্রাচ্যর দেশগুলো। এবারও তাদের উপর ভর করেই বাড়ছে বলে মন্তব্য করেন আরিফ হোসেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যর দেশ সৌদি আরব থেকে রেমিটেন্স আসে ১৬ শতাংশের উপরে, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ।

গত মাসে দেশটি থেকে রেমিটেন্স আসে ৪৯ কোটি ১১ লাখ ডলার, যা মোট রেমিটেন্সের ১৬ দশমিক ২৫ শতাংশ।

হামলার শিকার হয়ে সাময়িক বন্ধ থাকা সৌদি আরবের আরামকো তেল কোম্পানিতে কর্মরত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘হামলার পর কারখানার সব ইউনিট এখনো সচল হয়নি। আমাদের সাবধানে কারখানার কম্পাউন্ডেই থাকতে বলা হয়েছে। 

“কোম্পানির পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ নেওয়া হচ্ছে। এজন্য একটি অ্যাপ চালু করেছে সরকার। সেখানেই সব সতর্কবার্তা চলে আসছে।’’

রেমিটেন্স পাঠাতে সমস্যা হচ্ছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘‘আমরা তো অনলাইনে অ্যাপ দিয়ে পাঠিয়ে দিই, তাই সমস্যা হয়নি। 

“যুদ্ধ কতদিন চলে…বেতন ঠিকঠাক পেলে তো দেশে টাকা পাঠাতে সমস্যা হবে না। কোম্পানি বলেছে, কোনো সমস্যা হবে না; সময়মতোই বেতন হবে।’’

একক দেশ হিসেবে তৃতীয় ও মধ্যপ্রাচ্যের দ্বিতীয় উৎস দেশ হিসেবে ৩৭ কোটি ৪৫ লাখ ডলার আসে সংযুক্ত আরব আমিরাত (ইউএইউ) থেকে। তা মোট রেমিটেন্সের ১২ দশমিক ৩৯ শতাংশ।

আরেক দেশ ওমান থেকে আসে ১৭ কোটি ৮০ লাখ ডলার, যা মোট রেমিটেন্সের ৫ দশমিক ৮৯ শতাংশ।

কুয়েত থেকে আসে ১৪ কোটি ৮১ লাখ ডলার বা ৪ দশমিক ৯ শতাংশ।

কাতার থেকে ১২ কোটি ৫৮ লাখ ডলার বা ৪ দশমিক ১৬ শতাংশ আসে। বাহরাইন থেকে আসে ৫ কোটি ডলার বা ১ দশমিক ৬৬ শতাংশ। জর্ডান থেকে আসে ১ কোটি ৫৯ লাখ ডলার বা শূন্য দশমিক ৫২ শতাংশ। এছাড়া ইরাক থেকে এসেছে ৩৭ লাখ ডলার।

মধ্যপ্রাচ্যের এই ৮ দেশ থেকে গত ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স আসে ১৩৮ কোটি ৭৫ লাখ ডলার। ফেব্রুয়ারি মাসে মোট রেমিটেন্সের ৪৫ দশমিক ৯৪ শতাংশ আসে মধ্যপ্রাচ্যের এ কয়টি দেশ থেকে।

কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিমু ঢালি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমাদের একটি অ্যাপ ব্যবহার করতে বলেছে সরকার। সেখানে তাৎক্ষণিক মিসাইল হামলার অ্যালার্ট আসছে। আবাসিক বা পাবলিক প্লেসে এখনো কোনো সমস্যা হয়নি। সবাই চলাফেরা করলেও একটু শঙ্কা আছে। এয়ারপোর্ট এখনো খুলে দেয়নি।

‘‘হামলার কোনো ভিডিও ধারণ এবং তা শেয়ার করা অপরাধ হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। তাই কেউ ভিডিও শেয়ার করলে জরিমানা করা হবে কয়েক হাজার থেকে লাখ কাতারি রিয়াল পর্যন্ত। রাস্তায় পুলিশ অনেকের মোবাইল চেক করে দেখছে কাকে কি শেয়ার করা হয়েছে। কিছু পেলে ডিলেট করে দিচ্ছে।’’

রেমিটেন্স পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, “এখন তো মানুষের চলাচল কিছুটা কম। কিছু প্রবাসী ব্যাংকে গিয়ে পাঠায়। তারা হয়ত পরিস্থিতি স্বাভাবিক হলে পাঠাবে। সামনে ঈদ, না পাঠালে পরিবার চলবে কীভাবে। টাকা পাঠাতে সমস্যা হবে না।”

কুয়েতে যুক্তরাষ্ট্রের যে দূতাবাসে হামলা হয়, সেই শহরে থাকা বাংলাদেশি প্রবাসী কবির আহমেদ বলেন, ‘‘নিশানা তো করা হচ্ছে আমেরিকান অ্যাম্বাসিতে, তাদের আশপাশের এলাকায়। আমেরিকানরা যেখানে থাকে, সেখানে। পাবলিক প্লেসে তো সমস্যা হচ্ছে না। সবাই স্বাভাবিক, কোনো সমস্যা (মিসাইল হামলা হলে) হলে সাইরেন বাজায় সরকার।’’

আরও পড়ুন

সাইরেন, আতঙ্ক আর অনিশ্চয়তার ঈদ বাহরাইন প্রবাসীদের

আমিরাত প্রবাসীদের যুদ্ধ দিনের ঈদ 

ইরান যুদ্ধ: সংযুক্ত আরব আমিরাতে নিহতদের প্রায় সবাই পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের

নেটো সদস্যদের 'কাপুরুষ' বললেন ট্রাম্প

মার্কিন, ইসরায়েলি হামলায় ইরানের আইআরজিসির মুখপাত্র নিহত

ইরানের পাল্টা হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত

কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত