Published : 20 Mar 2026, 09:05 PM
ইরান যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনে অস্বীকৃতি জানানোয় নেটোর সদস্য দেশগুলোর ওপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
পশ্চিমা সামরিক জোট নেটোর মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া নেটো ‘কাগুজে বাঘ’ ছাড়া আর কিছুই নয়।”
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও লেখেন,, “পারমাণবিক শক্তি হাতে থাকা ইরানকে থামানোর লড়াইয়ে তারা যোগ দিতে চায়নি।”
তিনি বলেন, “এখন সামরিকভাবে লড়াইয়ে জয় এসেছে এবং তাদের (নেটো) জন্য ঝুঁকিও খুব কম, তখন তারা তেলের চড়া দাম নিয়ে অভিযোগ করছে। অথচ তারা হরমুজ প্রণালি খুলে দিতে সাহায্য করতে চায় না, সাধারণ একটি সামরিক পদক্ষেপ নিতে চায় না। আর এটাই তেলের চড়া দামের একমাত্র কারণ।”
নেটো দেশগুলোর কঠোর সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, “খুবই কম ঝুঁকিতে এই কাজটি করা তাদের জন্য সহজ ছিল। ‘কাপুরুষ’, আর আমরা একথা মনে রাখব!”