Published : 08 May 2026, 12:03 AM
প্রবাসী আয়ে উল্লম্ফন অব্যাহত রয়েছে; চলতি মে মাসের ছয় দিনেই দেশে রেমিটেন্স এসেছে ৭৫ কোটি ২০ লাখ ডলার।
এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৩২ শতাংশ বেশি।
সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরের ১০ মাস ছয় দিনে (গত বছরের ১ জুলাই থেকে ৬ মে) ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ (৩০.০৮ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এই অঙ্ক গত অর্থবছরের পুরো সময়ের প্রায় সমান।
২০২৪-২৫ অর্থবছরের ১০ মাস ছয় দিনে রেমিটেন্স আসে ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার। আর পুরো অর্থবছরে আসে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার প্রবাসী আয়ের হালনাগাদ তথ্য জানিয়েছেন।
হিসাব বলছে, অর্থবছরের বাকি সময় (৫৫ দিন) বর্তমান হার অব্যাহত থাকলে প্রবাসী আয়ে রেকর্ড হবে। সেক্ষেত্রে রেমিটেন্স দাঁড়াতে পারে ৩৫ বিলিয়ন ডলারে।
চলতি অর্থবছরের দশম মাস এপ্রিলে ৩ দশমিক ১৩ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬২ শতাংশ বেশি।
২০২৫ সালের এপ্রিলে ২ দশমিক ৭৫ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।
এ নিয়ে টানা পাঁচ মাস ৩ বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে দেশে। এর মধ্যে মার্চ মাসে আসে পৌনে ৪ বিলিয়ন ডলার।
রেমিটেন্সে প্রতি ডলারে এখন ১২৩ টাকা দিচ্ছে ব্যাংকগুলো। সে হিসাবে মে মাসের প্রথম ছয় দিনে ৯ হাজার ২৫০ কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিদিন গড়ে এসেছে ১২ কোটি ৫৩ লাখ ডলার; বাংলাদেশি মুদ্রায় ১ হজার ৫৪১ কোটি টাকা।
মাসের বাকি ২৫ দিনে (৭ থেকে ৩১ মে) এই হারে এলে মাস শেষে রেমিটেন্সের অঙ্ক ৩৮৮ কোটি ডলারে গিয়ে ঠেকবে। আর যদি সেটা হয়, তাহলে একক মাসের হিসাবে এই মাসে সর্বোচ্চ রেমিটেন্স আসবে দেশে।
গত মার্চ মাসে ৩৭৫ কোটি ৫১ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা এক মাসের হিসাবে সর্বোচ্চ।