অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনে যাচ্ছে ১৪ কারখানা
বুধবার প্রধানমন্ত্রী এসব অর্থনৈতিক অঞ্চলে শিল্প-কারখানা ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তি স্থাপন করবেন
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) শিল্পাঞ্চলগুলোতে একসঙ্গে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ১৪ শিল্প কারখানা, আরও ২৯ কারখানার নির্মাণ কাজও শুরু হচ্ছে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) শিল্প-কারখানা ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তি স্থাপন করবেন।
রোববার ইআরএফ কার্যালয়ে বেজা ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত মতবিনিময়ে এ তথ্য জানান দেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।
তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এই প্রথম ৪টি শিল্পের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন হবে। এর মধ্যে রয়েছে ভারতের এশিয়ান পেইন্টস, জাপানের নিপ্পন, বাংলাদেশ ম্যাকডোনাল্ড ও টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামুদা কনস্ট্রাকশন লিমিটেড। শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলেও প্রথম উদ্বোধন হতে যাচ্ছে ‘ডাবল গ্লেজিংয়ের কারখানা ।”
এছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের আরও ৯টি শিল্প ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে যাচ্ছে বলে জানান তিনি, এর মধ্যে রয়েছে দেশের সর্ববৃহৎ পিভিসি কারখানা।
বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, “বাণিজ্যিক উৎপাদনে যেতে ১৪টি শিল্প কারখানায় এরইমধ্যে প্রায় ৯৬৭ দশমিক ৭৩ মিলিয়ন (৯৬ কোটি ৭৭ লাখ ৩০ হাজার) ডলার বিনিয়োগ করা হয়েছে। আগামীতে ব্যবসা সম্প্রসারণে আরও ৩৩১ দশমিক ২৭ মিলিয়ন (৩৩ কোটি ১২ লাখ ৭০ হাজার) ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।”
শেখ ইউসুফ হারুন বলেন, প্রধানমন্ত্রী ২৯টি শিল্পের ভিত্তি স্থাপন করতে যাচ্ছেন। এই শিল্পের কারখানা স্থাপনে এখন পর্যন্ত বিনিয়োগ হয়েছে প্রায় ৬১০ মিলিয়ন (৬১ কোটি) ডলার এবং আরও বিনিয়োগ হবে প্রায় ১ হাজার ৯২২ দশমিক ৩৯ মিলিয়ন (১৯২ কোটি ২৩ লাখ ৯০ হাজার) ডলার।
এসব শিল্পে ইতোমধ্যে ৬ হাজার ৪০৭ জনের কর্মসংস্থান হয়েছে এবং আরও ৩৮ হাজার ৬৫৮ জনের কর্মসংস্থান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বুধবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল এবং সাবরাং ট্যুরিজম পার্কের প্রশাসনিক ভবন বিএসএমএসএন-এর ২০ কিলোমিটার দীর্ঘ শেখ হাসিনা সরণি, ২৩০ কেভি গ্রিড লাইন এবং সাব-স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানি সরবরাহের জন্য ৫০ এমএলডি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিও স্থাপন করবেন।
বেজার কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরে ইউসুফ হারুন বলেন, ২০১৩ সাল থেকে পরিকল্পিত শিল্পায়নের জন্য যাত্রা শুরু করে বেজা। ২০১৬ সালে প্রধানমন্ত্রী ১০টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ শুরুর উদ্বোধন করেন। ২০১৯ সালে প্রধানমন্ত্রী অর্থনৈতিক অঞ্চলে শিল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেন।
“কোভিড-১৯ মহামারীর কারণে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশের উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়লেও বেজা খুব অল্প সময়ের মধ্যে উন্নয়ন কার্যক্রম চালু করেছে। আর এরই ধারাবাহিকতায় আগামী বুধবার ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অর্থনৈতিক অঞ্চলের ৫০টি শিল্প ও অবকাঠামো উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন-২০২২’ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বেজা।”
গ্যাস, বিদ্যুৎ ও পানি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ ইউসুফ হারুন বলেন, “অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ও গ্যাস দেওয়া হচ্ছে। বৈশ্বিক কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হচ্ছে। তবে আগামী দিনে রূপপুর ও মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র চালু হলে এর সমাধান হবে। এলএনজির দাম বাড়ার কারণে এখন কিছুটা সমস্যা হলেও আগামী দিনে গ্যাস দেওয়া সম্ভব হবে।”
পানির চাহিদা পূরণ প্রসঙ্গে তিনি বলেন, “বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হয়েছে, যা দিয়ে পানির চাহিদা মেটানো যাবে।”
বেজা চারটি জিটুজি ভিত্তিক বিদেশি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ ইকোনমিক জোন উন্নয়নের পাশাপাশি সিঙ্গার শিল্পের নির্মাণ কাজ শুরু করেছে জানিয়ে শেখ ইউসুফ হারুন বলেন, এই জোনে আরও ১০টি বিদেশি ও একটি দেশি প্রতিষ্ঠান বিনিয়োগে আসছে।
ইআরএফ কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময়ে বেজার কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক।
তিনি বলেন, বর্তমানে ৯৭টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ২৮টি অর্থনৈতিক অঞ্চলে উন্নয়ন কাজ চলমান। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল ও সাবরাং ট্যুরিজম পার্কে এখন পর্যন্ত প্রায় ২২ দশমিক ১৭ বিলিয়ন (২ হাজার ২১৭ কোটি) ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে।
“এছাড়া ১২টি লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৪ বিলিয়ন (৪০০ কোটি) ডলার বিনিয়োগ হয়েছে। সরকারি ও বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে ২৯টি শিল্প প্রতিষ্ঠান বাণিজ্যিক শিল্পোৎপাদন শুরু করেছে। আরও ৬১টি শিল্প নির্মাণাধীন রয়েছে।”
অনুষ্ঠানে জানানো হয়, এই অঞ্চলগুলোতে জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, আমেরিকা, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, নরওয়েসহ বিদেশি বিনিয়োগ হয়েছে।
ঝামেলামুক্ত ব্যবসা পরিচালনার সুযোগ দিতে বেজার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সেন্টারের মাধ্যমে বিনিয়োগকারীদের অনলাইনে ৪৮টিসহ ১২৫টি পরিষেবা দেওয়ার তথ্যও সভায় তুলে ধরা হয়।
ইআরএফ সভাপতি শারমীন রিনভীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বেজার মহাব্যবস্থাপক (প্রশাসন) হাসান আরিফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
