নতুন করদাতাদের রিটার্ন দাখিলের সুযোগ জুন পর্যন্ত
এনবিআর সম্প্রতি এ বিষয়ে পরিপত্র জারি করেছে।
নতুন করদাতারা জরিমানা ছাড়াই আগামী বছরের ৩০ জুন পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
এ সুযোগ পাবেন শুধু ব্যক্তি শ্রেণির করদাতারা, যারা এবারই প্রথম আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেবেন। স্বাভাবিক নিয়মে প্রতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের প্রথম সচিব (শুল্ক, আন্তর্জাতিক বাণিজ্য ও চুক্তি) মোহাম্মদ শহীদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বিনা জরিমানায় রিটার্ন দাখিল করতে পারবেন নতুন করদাতারা। তাদের সুবির্ধার্থে বিষয়টি এ অর্থবছরের অর্থ আইনেও যুক্ত করেছে আয়কর বিভাগ।
তবে পুরাতন করদাতাদের আগের নিয়ম মেনে ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হবে।
নিয়ম অনুযায়ী, প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হয় ব্যক্তি শ্রেণির করদাতাদের। এতে ব্যর্থ হলে ব্যক্তি শ্রেণির করদাতাদের জরিমানা গুনতে হয়।
এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৭৮ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন; যার মধ্যে প্রায় ২৪ লাখ করদাতা নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন।
করদাতার পরিসর বাড়াতে এবারের বাজেটে ব্যাংকিংসহ ৩৮ প্রকার সেবা গ্রহণে রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়। আগে যেখানে শুধু আয়কর সনদ (টিআইএন) দিলেই হত।
