২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিটেন্স বাড়াতে ‘ডিজিটাল প্ল্যাটফর্ম’ শক্তিশালী করার তাগিদ

পরিকল্পনা মন্ত্রী বলেন, “সাধারণ মানুষ যারা রেমিটেন্স গ্রহণ করেন, ব্যাংকে গিয়ে লেনদেনের বিষয়ে তাদের এক ধরনের সামাজিক ও মনস্তাত্বিক দূরত্ব আছে।”

রেমিটেন্স বাড়াতে ‘ডিজিটাল প্ল্যাটফর্ম’ শক্তিশালী করার তাগিদ

বুধবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) রেমিটেন্স নিয়ে এই সেমিনারের আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2022, 12:09 AM

Updated : 10 Nov 2022, 02:00 PM

প্রবাসী আয় বাড়াতে বৈধ উপায়ে রেমিটেন্স দেশে পাঠানো সহজ ও দ্রুততর করার তাগিদ এসেছে এক সেমিনারে।

এর সঙ্গে একমত পোষণ করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, রেমিটেন্স প্রবাহ জনবান্ধব করতে সরকার ডিজিটাল মাধ্যমকে আরও কার্যকর করার চেষ্টা করছে।

বুধবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) আয়োজনে ‘বৈধ পথে সহজে নিরাপদে ডিজিটাল মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়াতে করণীয়’ শীর্ষক এই সেমিনার হয়।

পরিকল্পনা মন্ত্রী বলেন, “আমাদের দেশের সাধারণ মানুষ যারা রেমিটেন্স গ্রহণ করেন, ব্যাংকে গিয়ে লেনদেনের বিষয়ে তাদের এক ধরনের সামাজিক ও মনস্তাত্বিক দূরত্ব আছে। ফলে ঘরে বসেই অবৈধ পথে রেমিটেন্স গ্রহণ করাকে তারা অপেক্ষাকৃত সহজ মনে করেন।

“বৈধ পথে রেমিটেন্স আনতে যারা কাজ করছে, তাদের সঙ্গে প্রবাসীদের দূরত্ব কমাতে না পারলে রেমিটেন্স বাড়ানো যাবে না। এ জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। এক্ষেত্রে ডিজিটাল মাধ্যম কার্যকারী ভূমিকা রাখতে পারে।”

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) রেমিটেন্সের অবদান ৬ শতাংশের মত। এটাই বৈদেশিক মুদ্রা প্রাপ্তির দ্বিতীয় বৃহত্তম উৎস। কিন্তু নানা কারণে প্রাবাসীদের অনেকে বৈধ পথে দেশে অর্থ না পাঠিয়ে হুন্ডির আশ্রয় নেন বলে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা থেকে দেশ বঞ্চিত হয়। 

পরিকল্পনা মন্ত্রী বলেন, ছুটির দিনের তারতম্যের কারণে ব্যাংকিং চ্যানেলে বিদেশের সঙ্গে সপ্তাহে তিন দিন লেনদেন বন্ধ থাকে। এ কারণে হুন্ডিতে লেনদেনের পথ বেছে নিচ্ছেন অনেকে।

“সরকার এসব প্রথা ভেঙে একটা প্রবণতা চালু করতে চায়। এ জন্য অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে।”

পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, বৈধ পথে রেমিটেন্স বাড়াতে ডলারের বাজারে ভারসাম্য রাখতে হবে। বৈধ এবং অবৈধ পথে ডলারের হারের পার্থক্য বেশি হলে প্রবাসী শ্রমিকরা হুন্ডিতে রেমিটেন্স পাঠাতে আগ্রহী হন।

“প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়ে তাদের দেশত্মবোধ বাড়ালে তারা বৈধ পথে ডলার পাঠাতে আগ্রহী হবেন। পাশাপাশি ডিজিটাল সেবা বাড়ানোর ক্ষেত্রে মনোযোগ দিতে হবে।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের চেয়ারম্যান ড. বজলুল এইচ খন্দকার।

তিনি বলেন, ২০১৯ ও ২০২০ সালে দেশে রেমিটেন্স আসা অনেক বেড়েছিল। ওই সময়ে সরকার প্রণোদনা চালু এবং ডিজিটাল লেনদেন বাড়ানোসহ নানা পদক্ষেপ নিয়েছিল। বর্তমানে রেমিটেন্স আনতে বৈশ্বিকভাবে গড়ে ৬ শতাংশের বেশি খরচ হচ্ছে। এটা কমিয়ে আনতে হবে।

“হুন্ডির মাধ্যমে দ্রুত ও অনেক কম খরচে টাকা পাঠানোর সুবিধার কারণেই ওই পথ বেছে নিচ্ছেন অনেকে। এখন থেকে বৈধ পথে আনতে এমএফএসসহ ডিজিটাল মাধ্যমের ব্যবস্থা করতে পারলে খরচ ও সময় অর্ধেক কমানো সম্ভব হবে।”

বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম বলেন, বৈধপথে তাৎক্ষণিকভাবে সরকারি প্রণোদনাসহ বিকাশে রেমিটেন্স পাঠানোর সেবা দিন দিন জনপ্রিয় হচ্ছে।

“এই মুহূর্তে বিশ্বের ৭০টি দেশ থেকে ৭৫টি মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের মাধ্যমে ১২টি বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট হয়ে বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স আসছে। ২০২১ সালে বিকাশে ২৪২৭ কোটি টাকার সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এ বছর শেষে তা প্রায় চার হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে।”

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মওলা বলেন, প্রবাসীদের টাকা পাঠানোর ক্ষেত্রে সমস্যা দূর করলে রিজার্ভের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা এখন মোকাবেলা করা সহজ হবে। এখন ডিজিটাল পদ্ধতিতে রেমিটেন্স আনা গেলে বৈদেশিক মুদ্রার ঘাটতি আগামী দুই তিন মাসের মধ্যে মেটানো সম্ভব।

উন্নয়ন সমুন্বয় এর এমিরেটস ফোলো খন্দকার সাখাওয়াত আলী বলেন, প্রবাসীদের আয় করা ডলার ‘একটি গ্রুপ’ রেখে দিচ্ছে। এ ক্ষেত্রে উৎস পর্যায়ে হুন্ডির সমাধান করতে হবে। পাশাপাশি সরাসরি প্রবাসীদের এমএফএসে রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করা সম্ভব হলে বৈধ পথে রেমিটেন্স বাড়ানো সম্ভব।

ইআরএফ সভাপতি শারমীন রিনভীর সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।