২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২

স্থানীয়দের বিক্ষোভে মাঝপথে আটকা পড়ে দুটি ট্রেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 07:03 PM

Updated : 20 Sep 2026, 07:03 PM

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় দুই অটো রিকশা আরোহীর প্রাণ গেছে।

রোববার উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রেলপথে বিক্ষোভ করলে মাঝপথে আটকে যায় দুটি ট্রেন।

নিহতরা হলেন কালিয়াইশ ইউনিয়নের বাসিন্দা আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস শুক্কুর (৪০)।

তাদের মধ্যে তাহের ব্যাটারি চালিত অটো রিকশার যাত্রী এবং শুক্কুর চালক।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সুজন কান্তি দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি অটো রিকশা রেল লাইনে উঠে গেলে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হন।

পরে স্থানীয় লোকজন বিক্ষোভ দেখালে পরে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয় বলে জানান ওসি।

স্থানীয় লোকজনের বিক্ষোভের কারণে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ও ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন বিলম্বিত হয় বলে দোহাজারী স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জাফর আলম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের বিক্ষোভের কারণে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দুই ঘন্টা ১০ মিনিট ও ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস এক ঘন্টা ১৫ মিনিট বিলম্বিত হয়।

প্রবাল এক্সপ্রেস ট্রেনটি বেলা দুইটা ৮ মিনিটে দোহাজারী স্টেশন অতিক্রম করার কথা থাকলেও সেটি চারটা ১০ মিনিটে ও কক্সবাজার এক্সপ্রেস ৩টা ৩০ মিনিটের স্থলে ৪টা ৪৫ মিনিটে দোহাজারী স্টেশন অতিক্রম করে।