২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির পদযাত্রা কারও থেকে ‘নকল’ করা: হাছান মাহমুদ

“বিএনপি যে পদযাত্রা শুরু করেছে, সম্ভবত তারা কারও কাছ থেকে নকল করছে। আপনারা একটু দেখুন, কারো কাছ থেকে নকল করছে কিনা?”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2023, 07:33 PM

Updated : 31 Jan 2023, 07:33 PM

সরকার হটানোর আন্দোলনে বিএনপি তাদের পদযাত্রা কর্মসূচি কারও কাছ থেকে ‘নকল’ করেছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এই সন্দেহের কথা প্রকাশ করেন আওয়ামী লীগের এই যুগ্মসাধারণ সম্পাদক।

হাছান মাহমুদ বলেন, “বিএনপি জনগণের কাছ থেকে দূরে সরে গেছে। আবার জনগণের কাছে যেতে হলে ২০১৩, ১৪ ও ১৫ সালে যে অপরাজনীতি করেছে, পেট্রোল বোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে, সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে।”

‘বিএনপির পদযাত্রা’ কর্মসূচি অন্য কারও থেকে নকল করা- এমন সন্দেহের অবতারণা করে তথ্যমন্ত্রী বলেন, “বিএনপি যে পদযাত্রা শুরু করেছে, সম্ভবত তারা কারও কাছ থেকে নকল করছে। আপনারা একটু দেখুন, কারো কাছ থেকে নকল করছে কিনা?”

বিএনপির এ কর্মসূচিতে জনগণ তো নয়ই, তাদের সাধারণ যে কর্মী, তারাও সামিল হয়নি বলে দাবি করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, “সম্ভবত বিএনপির দম ফুড়িয়ে গেছে, এজন্য হাঁটা শুরু করেছে। তারাতো আগে মিছিল করতো, এখন মিছিলের পরিবর্তে হাঁটা শুরু করেছে।”

চট্টগ্রাম নগরীতে মেট্রোরেল লাইন নির্মাণের সম্ভ্যাবতা যাচাইয়ের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাছান মাহমুদ। অনুষ্ঠানে ভারচুয়ালিযুক্ত হয়ে এই সম্ভাব্যতা যাচাই কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।