২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে পুড়ে প্রাণ হারানোর ৬ সপ্তাহ পর তিন বাংলাদেশি সমাহিত

তাদের একজন অনিন্দ্যের মৃতদেহ শনাক্ত হয় বৃহস্পতিবার, সেদিনই তার স্ত্রী এক পুত্র সন্তান জন্ম দেন।

কাশ্মীরে পুড়ে প্রাণ হারানোর ৬ সপ্তাহ পর তিন বাংলাদেশি সমাহিত

মো. মাঈনুদ্দীন, ইমন দাশ গুপ্ত ও অনিন্দ্য কৌশল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2023, 09:47 PM

Updated : 23 Dec 2023, 09:47 PM

ভারতের কাশ্মীরে হাউজ বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত চট্টগ্রামের দুই প্রকৌশলীসহ তিনজনের মৃতদেহ ৪২ দিন পর তাদের বাড়িতে ফিরেছে।

ঢাকায় সিআইডির তত্ত্বাবধানে ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্তের পর পরিবারের সদস্যদের কাছে শনিবার মরদেহ হস্তান্তর করা হয়। পরে পারিবারিকভাবে তাদেরকে সমাহিত করা হয়।

গত ১১ নভেম্বর কাশ্মীরের ডাল লেকে বেড়াতে গিয়ে একটি হাউজবোটে আগুন লেগে পুড়ে মারা যান অনিন্দ্যসহ তিনজন। অপর দুজন হলেন, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমন দাশগুপ্ত ও ঠিকাদার মঈনুদ্দিন। চিকিৎসার জন্য ৩ নভেম্বর ভারতে গিয়েছিলেন তারা।

দুর্ঘটনায় অঙ্গার হওয়া মৃতদেহ তিনটি দেশে আসলেও শনাক্ত করতে না পারায় ডিএনএ পরীক্ষা করানো হয়। গত বৃহস্পতিবার ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে তিনজনের মৃতদেহ শনাক্ত হয়।

নিহত ইমনের কাকা নীলকৃষ্ণ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার ডিএনএ প্রতিবেদনে লাশ শনাক্ত হলেও আমরা শনিবার সকালে সিআইডির কাছ থেকে বুঝে নিই। পরে তার লাশ সরাসরি গ্রামের বাড়ি রাউজানের মুন্সিরঘাটা সংলগ্ন ঢেউয়া পাড়াতে নিয়ে আসা হয়।”

বিকালে ইমনের মরদেহ বাড়িতে নেওয়ার পর হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়। ইমনের স্ত্রী ছাড়াও দুই বছরের এক ছেলেও রয়েছে।

পারিবারিক শ্মশানে ইমনের শেষকৃত্য অনুষ্ঠিত হয় উল্লেখ করে নীলকৃষ্ণ জানান, ইমনের স্ত্রী শেষকৃত্যের যাবতীয় কাজ করেছেন।

নিহত আরেক প্রকৌশলী অনিন্দ্য কৌশলের মৃতদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মীরসরাইয়ের মিঠাছড়া এলাকায়। সেখানে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার মা-বাবা ছাড়াও এলাকার লোকজন সেখানে উপস্থিত ছিলেন।

কাশ্মীরে বেড়াতে যাওয়ার সময় অনিন্দ্য কৌশলের এক মেয়ে ও এক ছেলে ছিল। ওই সময় তার স্ত্রী প্রিয়াংকা দেবী ছিলেন অন্তঃসত্ত্বা। গত বৃহস্পতিবার তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। নতুনের আগমন আনন্দের হলেও তাদের পরিবারের পরিবেশ ছিল বিষাদে ভরা। আর ওইদিনই অনিন্দ্যের মৃতদেহ শনাক্ত হয়।

এদিকে রাউজান উপজেলার কদলপুর এলাকায় পারিবারিক কবরস্থানে ঠিকাদার মাইনুদ্দিনের দাফন হয়। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুরনো খবর:

পৃথিবীতে এল অনিন্দ্যের সন্তান, বাবাকে দেখবে না কখনও
ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য, কাশ্মীরে বেড়াতে গিয়ে সব শেষ
কাশ্মীরে পুড়ে মারা যাওয়া তিনজনের লাশ ঢাকায়
কাশ্মীরের ডাল লেকে হাউজবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু