২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে নিরাপত্তা: চট্টগ্রামের বেশির ভাগ কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত

এসব কেন্দ্রে থাকছে অতিরিক্ত নিরাপত্তা সদস্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 10:04 PM

Updated : 06 Jan 2024, 10:04 PM

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় এবার কেন্দ্র থাকছে ২০২৩টি, যার বেশির ভাগকেই নিরাপত্তার প্রশ্নে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখছে পুলিশ।

সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, “আইনশৃঙ্খলার পয়েন্ট অব ভিউ থেকে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। অবস্থানের কারণে কিছু কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।”

চট্টগ্রামের দুই সহস্রাধিক কেন্দ্রের মধ্যে ৬৬০টি চট্টগ্রাম মহানগর পুলিশের অধীনে পড়েছে। বাকি ১ হাজার ৩৬৩টি কেন্দ্র জেলা পুলিশের অধীনে।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী বুধবার জানিয়েছিলেন, নগরের ৪৫০টি কেন্দ্র এবং বাইরের ১০১৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের চিঠি দিয়েছে।

কেন্দ্রগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পরিপত্র অনুসারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে বলে জানান তিনি।

পরিপত্র অনুসারে, চট্টগ্রাম জেলার সাধারণ ভোট কেন্দ্রগুলোতে দুই জন করে অস্ত্রধারী পুলিশ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিন জন করে অস্ত্রধারী পুলিশ থাকবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১০ জন আনসার-ভিডিপি সদস্য, এক অথবা দুই জন করে গ্রাম পুলিশ সদস্য থাকবেন।

নগরীর সাধারণ ভোটকেন্দ্রগুলোতে তিন জন করে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চার জন করে অস্ত্রধারী পুলিশ মোতায়েন থাকবেন। এসব কেন্দ্রেও ১০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। 

শনিবার বিকালে দ্বিতীয় দফায় জামালখান এলাকার ডা. থাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। এসময় চট্টগ্রাম নগর পুলিশের সাথে সদ্য যোগ হওয়া ডগ স্কোয়াডের (কে-নাইন ইউনিট) প্রশিক্ষিত কুকুর দিয়েও বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।

পরিদর্শন শেষে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় জানান, ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রের দায়িত্ব তারা বুঝে নিয়েছেন।

এদিন ভোরে চট্টগ্রাম নগরীর বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর ধুপপুল এলাকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেওয়া হয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, “নির্বাচন প্রতিহত করতে একটা গ্রুপ কাজ করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে ভোটাররা যাতে কেন্দ্রে না যায়, সেজন্য ভীতি সৃষ্টি করা; মানুষ যাতে ভোট দানে বিরত থাকে এবং কেন্দ্রে না আসে।”

সিএমপি কমিশনারের ভাষ্য, ভোট কেন্দ্রে ও যানবাহনে আগুন দেওয়ার মতো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়েছে একটি ‘মহল’। তবে তাতে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত নয়।

বিএনপিহীন এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে দলটিরই নেতারা দাঁড়িয়ে যাওয়ায় কিছু কিছু আসনে নির্বাচনি উত্তাপ ছড়িয়েছে। বিভিন্ন সময়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাতেরও ঘটনা ঘটছে।

নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে যেসব আসনে উত্তাপ ছড়িয়েছে, তার মধ্যে আছে- চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-১২ (পটিয়া), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)। এসব আসনে আওয়ামী লীগের চারজনসহ দলের স্বতন্ত্র ও অন্যান্য দল মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩৪ জন প্রার্থী।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের যেকোন সহিংসতা প্রতিরোধে তারা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন। কেন্দ্রের নিরাপত্তায় সাড়ে চার হাজার অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাড়ে ১৭ হাজারের বেশি আনসার মোতায়েন করা হয়েছে।

“যেসব আসনগুলোতে নির্বাচনি উত্তাপ ছড়িয়েছে, সেগুলোতে অন্যান্য আসনের চেয়ে বেশি পুলিশ, আনসার, বিজিবি এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।”

চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে জোরারগঞ্জ থানার ৫৩টি, মীরসরাই থানার ২৮টি, সীতাকুণ্ডের ৯০টি, সন্দ্বীপের ৫৬টি, হাটহাজারী থানার ৮৭টি, ফটিকছড়ির ৮৯টি, ভূজপুরের ৫৩টি, রাউজানের ৩৬টি, রাঙ্গুনিয়া থানার ৩০টি, পটিয়া থানার ৬৬টি, বোয়ালখালী থানার ৪৭টি, চন্দনাইশ থানার ৫৪টি, আনোয়ারর ৪৩টি, সাতকানিয়ার ১০০টি, লোহাগাড়ার ৬৭টি এবং বাঁশখালীর ১১৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।