চবিতে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৬
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়েছে, যাতে আহত হয়েছে অন্তত ছয়জন।
বৃহস্পতিবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বগিভিত্তিক গ্রুপ সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে এবং সিএফসির কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নিয়ে ইট পাটকেল ছুঁড়ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের সাথে পুলিশও ছিল।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিক্সটি নাইনের নেতা ইকবাল হোসেন টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হিস্ট্রি ডিপার্টমেন্টের র্যাগ ডে ছিল, সেখানে কথা-কাটাকাটি থেকে এমনটা হয়েছে।”
সিএফসির নেতা সাদাফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আমাদের নেতার সাথে কথা বলেছি এ বিষয়ে।”
সহকারী প্রক্টর নাজেমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের অনুসারী এবং সিএফসির কর্মীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
