২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের দল নিয়েই নির্বাচনকালীন সরকার: আ জ ম নাছির

নাছির বলেন, “বিএনপি ও জামায়াত এই সংসদে নেই, তাদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের বিন্দুমাত্র সম্ভাবনা নেই।”

সংসদের দল নিয়েই নির্বাচনকালীন সরকার: আ জ ম নাছির

চট্টগ্রাম নগরীর ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2023, 09:02 PM

Updated : 06 Jun 2023, 09:02 PM

সংসদে যে দলগুলো আছে তাদের নিয়েই শেখ হাসিনা নির্বাচনকালীন সরকার গঠন করতে চান বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার বিকালে চট্টগ্রামের কুলগাঁও সিটি করপোরেশন কলেজ সংলগ্ন দৌলতশাহী কনভেনশন হলে নগরীর ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেন সাবেক এই সিটি মেয়র।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, “মার্কিন ভিসা নীতি নিয়ে বিএনপির আস্ফালন ও লাফালাফি বেড়েছে। আমরা এটাও জানি মার্কিন ভিসা নীতি ও স্যাংশন বিএনপির জন্যই বুমেরাং হবে। কেননা আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই। কেননা আমরা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছি। বিএনপি-জামায়াত জনগণের দল নয়, তাই তারা নির্বাচনকে বানচাল করতে চায়।”

নাছির বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, তিনিও একটি নির্বাচনকালীন সরকার চান এবং তার নেতৃত্বে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে একটি ছোট আকারের সরকার গঠন করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।

“কিন্তু এটাও সত্য যে, বিএনপি ও জামায়াত এই সংসদে নেই। তাদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের বিন্দুমাত্র সম্ভাবনা নেই। এটা তারা বোঝেন ও জানেন বলেই বিভ্রান্তি ও মিথ্যাচার করে জনগণকে ভুল বার্তা দিচ্ছেন। তারা আন্দোলনের কথা বলছে কিন্তু মাঠে আন্দোলন কই? বক্তৃতা ও বিবৃতিবাজি ছাড়া তারা আর কি করছে? সেটা সাধারণ মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নাছির বলেন, “আগামী বছর প্রথম মাসের শুরুতে যে কোনো সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবেই। আমাদেরকে রাজপথেও থাকতে হবে এবং নির্বাচনী ময়দানেও থাকতে হবে।

“এখন থেকে আর এক মুহূর্ত সময় ক্ষেপণ না করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিগত ১৪ বছরে আওয়ামী লীগের শাসনামলে কি অর্জন ও সাফল্য এসেছে তা যদি সঠিকভাবে পৌঁছে দিতে পারি তাহলে কোন অপশক্তি আওয়ামী লীগের বিজয় রুখতে পারবে না।”

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “দলের ঐক্য প্রতিষ্ঠায় এবং অভ্যন্তরীণ শক্তি সঞ্চয়ে তৃণমূল স্তরে পরীক্ষিত ত্যাগী নেতারাই সবচেয়ে বড় ভরসা। তাদের প্রতি বিশ্বাস ও আস্থার জায়গাটি আমরা মজবুত করতে চাই।

“আমরা ইঙ্গিত পাচ্ছি, সামনে অনেক ষড়যন্ত্র হবে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে কে আসুক বা না আসুক সেটা বড় কথা নয়, বড় কথা হলো উন্নয়নের ধারাবাহিকতায় নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে হবে- এটাই হবে আমাদের প্রত্যাশা ও একমাত্র স্বপ্ন।”

জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা কাজী মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইয়াকুবের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশন হয়।

সম্মেলনের উদ্বোধক ছিলেন নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বায়েজিদ থানা আওয়ামী লীগ সমন্বয় কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম ফারুক। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর কমিটির সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আবু তাহের, ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে কামরুল হাসান, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, ইউনিট আওয়ামী লীগের মো. হানিফ, নুরুল আলম নুরু ও লোকমান হাকিম কুতবী।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে আব্দুল মালেক ও মো. ইয়াকুব সমান সমান ভোট পাওয়ায় সভাপতি পদের ফল ঘোষণা স্থগিত রাখা হয় বলে নগর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন পরে নগর আওয়ামী লীগ নেতারা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির মুন্নাকে নির্বাচিত করে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।