২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে নকল এপেক্স জুতা বেচায় ব্যবসায়ীকে জরিমানা

নকল জুতার উৎপাদন কেন্দ্র খোঁজার চেষ্টার সময় ওই দোকানি পালিয়ে যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2024, 08:50 PM

Updated : 25 Mar 2024, 08:50 PM

নকল এপেক্স জুতা বিপণনের সময় চট্টগ্রামে এক ব্যবসায়ীকে হাতেনাতে ধরেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার বন্দরনগরীর নিউ মার্কেট এলাকার রিয়াজউদ্দিন বাজারে ভাই ভাই সু নামের একটি দোকানে অভিযান চালানো হয়। 

এ সময় এপেক্স ব্র্যান্ডের লোগো নকল করে তৈরি করা বিভিন্ন স্যান্ডেল বিক্রি করতে দেখেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। নকল পণ্য বিক্রির দায়ে ওই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই প্রতিষ্ঠানে অবৈধভাবে দেশের নামিদামি ব্র‍্যান্ডের জুতা নকল করে এডেক্স, এপক্স, এপোএক্স ইত্যাদি নামক জুতা উৎপাদন এবং বিক্রি করা হচ্ছিল। অনুমোদনহীন এসব পণ্য বাজারজাত করায় ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।”

নকল জুতার উৎপাদন কেন্দ্র খোঁজার চেষ্টা করা হলে দোকানি পালিয়ে যায় বলে জানান তিনি।

এপেক্সের ম্যানেজার (লিগ্যাল) কাজী আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে আমরা সেখানে এপেক্সের কাছাকাছি নামে নকল জুতা বিক্রির কথা শুনছিলাম। ভোক্তা অধিকারের অভিযানে এর প্রমাণ পেলাম। এখন আমরা ওই এলাকা জুড়ে আরও ব্যাপক তল্লাশি চালাব।”