১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: কুমিল্লায় নৌকা প্রার্থীকে তলব

কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজের দ্বিতীয় আদালতে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলকে সশরীরে বা তার প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2023, 09:54 PM

Updated : 02 Dec 2023, 09:57 PM

আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন করার অভিযোগে কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

রোববার বেলা ১১টায় দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত এই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজের দ্বিতীয় আদালতে বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলকে সশরীরে বা তার প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসান স্বাক্ষরিত শুক্রবার পাঠানো হয়েছে। সেই চিঠি সংবাদ কর্মীদের হাতে রয়েছে।

ওই চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল কয়েকশ নেতাকর্মী নিয়ে দেবিদ্বার পৌর সদরে শোডাউন করেন। এ সময় তাকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানায় এবং তিনি নিজের গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের অভ্যর্থনা জানান।

“শোডাউনটিতে শতাধিক মোটরসাইকেলের বহর ছিল। এতে রাস্তায় যানচলাচল ব্যাহত হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশিত সংবাদ সত্য হলে তা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(ক) বিধির লঙ্ঘন।

এতে আরও উল্লেখ করা হয়, এ ঘটনায় রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না- এই মর্মে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে বক্তব্য জানতে শনিবার রাজী মোহাম্মদ ফখরুলের মোবাইলে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।