২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘ভালো পদের’ লোভে বাসে আগুন, ছাত্রদলের ৩ কর্মী গ্রেপ্তার

উপ-কমিশনার সাদিরা খাতুন বলেন, খুলশী থানা ছাত্রদল নেতা সোহাগ নাশকতা করতে পারলে তার কমিটিতে হৃদয়কে সহ-সভাপতির পদ দেয়ার প্রলোভন দেখিয়েছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2023, 08:07 PM

Updated : 05 Dec 2023, 08:54 PM

চট্টগ্রামে নগর ছাত্রদলের আহ্বায়কের নির্দেশে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। এজন্য কর্মীদের সংগঠনে ‘ভালো পদ’ দেয়ার প্রলোভন দেখানো হয়েছিল বলেও পুলিশের ভাষ্য।

বাসে আগুন দেয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের পর মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- হৃদয় (২২), নাছির ওরফে শরীফ (২১) ও রায়হান (২৪)।

নগরীর খুলশী ও চান্দগাঁও এলাকা থেকে সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোসা. সাদিরা খাতুন সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তার তিন জন রোববার রাতে নগরীর দামপাড়া এলাকায় রিলাক্স পরিবহনের একটি বাসে মশাল ছুঁড়ে মারেন, যাতে চালক ও সহকারী দগ্ধ হয়েছিলেন।

গ্রেপ্তার তিন জন ৩১ অক্টোবর দামপাড়া গরীবউল্লাহ শাহ মাজার এবং ১ ডিসেম্বর পাহাড়তলী পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুন দেয়ার সঙ্গে জড়িত ছিলেন বলেও পুলিশের ভাষ্য।

রোববার দামপাড়া এলাকায় বাসে আগুন দেয়ার সময় হৃদয়ের হাত পুড়ে গিয়েছিল বলে জানান সাদিরা খাতুন।

নগরীর দামপাড়া এলাকায় রোববার রাতে রিলাক্স পরিবহনের একটি বাসে মশাল দিয়ে আগুন দেন দুর্বৃত্তরা। এতে বাসে আগুন না লাগলেও চালক দগ্ধ হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাসটি রাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিল। যাত্রী নেয়ার জন্য বাসটি দামপাড়া বাস কাউন্টারে গিয়েছিল। এসময় বাসের চালকের পাশের জানালা দিয়ে মশাল দিয়ে আগুন ছুঁড়ে মারে।

উপ-কমিশনার সাদিরা খাতুন জানান, নগর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম তুহিনের নির্দেশে খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগের নেতৃত্বে ও পরিকল্পনায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “অবরোধের সমর্থনে ছাত্রদল কর্মীরা রোববার রাতে খুলশী থানার দামপাড়া এলাকায় মশাল মিছিল বের করে। এসময় তারা কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা রিলাক্স পরিবহনের বাসটিতে মশাল ছুঁড়ে মারে।

“হৃদয় তার হাতে থাকা মশাল বাসের চালকের আসনের দিকে ছুঁড়ে মারে, অন্যরা বাসের সামনের কাঁচ ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়।”

উপ-কমিশনার সাদিরা খাতুন বলেন, খুলশী থানা ছাত্রদল নেতা সোহাগ নাশকতা করতে পারলে তার কমিটিতে হৃদয়কে সহ-সভাপতির পদ দেয়ার প্রলোভন দেখিয়েছিল।