২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচনবিরোধীদের’ কোনো কর্মসূচি করতে দেবেন না নাছির

“আওয়ামী লীগ নেতাকর্মীদের জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে জানমাল রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে,” বলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 01:17 AM

Updated : 12 Dec 2023, 01:17 AM

জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা যারা করবে, তাদের প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সোমবার বিকেলে বন্দরনগরীর আপন গার্ডেন সেন্টারে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

সাবেক সিটি মেয়র নাছির বলেন, “বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল। নির্বাচনে কে আসুক- না আসুক, সেটা মুখ্য বিষয় নয়। স্বাধীন নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে নির্বাচন হবেই। 

“নির্বাচন বানচাল করতে যারা চাইবে, তাদেরকে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে এবং নির্বাচন বিরোধীরা কখনো, কোথাও রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না।”

আ জ ম নাছির বলেন, “তারা ইতোমধ্যে চোরাগোপ্তা হামলা চালিয়ে পরিবহন ও সরকারি সম্পত্তিতে জ্বালাও পোড়াও শুরু করে দিয়েছে। এই ধরনের অপকর্ম তারা অতীতেও করেছে। কিন্তু বারবার করতে দেওয়া হবে না।

“দলীয় নেতাকর্মীদের জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে জানমাল রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”  

সভায় প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “মানবাধিকার লঙ্ঘনকারী দেশগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যে ছবক দিচ্ছে তা অত্যন্ত হাস্যকর।

“১৯৭১ সালে হানাদার পাকিস্তানি বাহিনীর নজিরবিহীন বর্বরোচিত গণহত্যার সময় যে দেশটি তাদেরকে সমর্থন ও সহযোগিতা করেছিল, সেই দেশটি এখন ফিলিস্তিন ভূমিতে ইসরাইল বাহিনীর বর্বরোচিত গণহত্যায় প্রত্যক্ষ ইন্ধন যোগাচ্ছে।”

মাহতাব বলেন, “বিশ্ব বিবেক এর বিরুদ্ধে সরব হলেও আমাদের দেশে ওই দেশটির আর্শীবাদপুষ্ট দল এবং কথিত সুশীল সমাজ রহস্যজনকভাবে নীরব থাকার কারণটা কী- তা আমাদের ভেবে দেখতে হবে।”

তিনি অভিযোগ করেন, দেশে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে ‘দুর্ভিক্ষ সৃষ্টির পাঁয়তারা’ চালাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো।

শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দ্দীর সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম-১০ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু, নগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, আহমেদুর রহমান ছিদ্দিকী, হাজী মো. হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা কেবিএম শাহজাহান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, যুবলীগ নেতা নুরুল আনোয়ার বক্তব্য দেন।