১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন দাওয়াতে, সকালে লাশ মিলল রেল লাইনে

পুলিশ বলছে, রাতের কোনো এক সময় খোকনকে ছুরিকাঘাতে খুন করে লাশ রেল লাইনের ওপর ফেলে রাখা হয়েছিল। 

বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন দাওয়াতে, সকালে লাশ মিলল রেল লাইনে

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2024, 06:35 PM

Updated : 18 Apr 2024, 06:35 PM

চট্টগ্রামের বারৈয়াহাটে রেল লাইন থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রেল পুলিশের ধারণা, তাকে খুন করে সেখানে লাশ ফেলে রেখে যাওয়া হতে পারে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহীদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বারৈয়াহাট-রামগড় সড়কের কাছে ঢাকা-চট্টগ্রাম রেল লাইন থেকে ছুরিকাঘাতের চিহ্ন থাকা রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক রাতে বন্ধুদের সঙ্গে একটি দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে আর বাসায় ফেরেননি।

নিহত ৩২ বছর বয়সী তৌহিদুল ইসলাম খোকনের বাড়ি জোরারগঞ্জ হিংগুলী ইউনিয়নের দক্ষিণ আজম নগরে।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, পেশায় পিকআপ চালক খোকন ‘মাদকাসক্ত’ ছিলেন।

ওসি শহীদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোকন বুধবার রাতে তার বন্ধুদের সঙ্গে একটি দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে আর বাসায় ফেরেননি। রাতের কোনো এক সময় খোকনকে ছুরিকাঘাতে খুন করে লাশ রেল লাইনের ওপর ফেলে রাখা হয়েছিল।   

“খোকনের সাথে যারা রাতে ছিলেন তারাও মাদকাসক্ত। আমাদের ধারণা মাদকের আসরে বা কোনো জায়গায় তার সহযোগীরাই তাকে খুন করে লাশ রেল লাইনে ফেলে গিয়েছিল। তার সাথে রাতে যারা ছিলেন তাদের কাউকে পাওয়া যাচ্ছে না।”

তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।