২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু: চলতি মাসে রেকর্ড রোগী শনাক্ত চট্টগ্রামে

জুলাই মাসের একদিন বাকি থাকতেই এক মাসের হিসেবে রেকর্ড দুই হাজার ২১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হল।

ডেঙ্গু: চলতি মাসে রেকর্ড রোগী শনাক্ত চট্টগ্রামে

ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 10:59 PM

Updated : 30 Jul 2023, 10:59 PM

হিসাব রাখা শুরুর পর চট্টগ্রাম জেলায় এক মাসে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে চলতি জুলাইয়ে।

রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় জেলায় মোট ১৩৯ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

এতে চলতি জুলাই মাসের একদিন বাকি থাকতেই দুই হাজার ২১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হল।

২০২০ সাল থেকে জেলা সিভিল সার্জন কার্যালয় প্রতি মাসে ডেঙ্গু রোগীদের তথ্য সংগ্রহ করে। যা প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়।

সেই হিসেবেই ২০২২ সালের নভেম্বরে এক মাসে সর্বাধিক দুই হাজার সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। ওই বছরের নভেম্বরে সর্বোচ্চ ১৯ জন ডেঙ্গুতে মারাও গিয়েছিল। আগের মাস অক্টোবরে মারা যায় ১১ জন।

চলতি বছর এখন পর্যন্ত জেলায় দুই হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গত ২২ জুলাই থেকে জেলায় প্রায় প্রতিদিনই একশোর বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে ২২ জুলাই আগের ২৪ ঘণ্টার প্রতিবেদনে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ১৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়।

চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। যাদের মধ্যে ১৬ জনই চলতি জুলাই মাসে মারা গেছেন। তবে গত তিনদিন ধরে ডেঙ্গুতে কেউ মারা যায়নি বলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ১৪ জন শিশু, ছয়জন পুরুষ ও পাঁচজন নারী।

আক্রান্তদের মধ্যে ১৯৩৪ জন নগরীর এবং বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা; উপজেলা হিসেবে সীতাকুণ্ডে সর্বোচ্চ ৩৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

রোববার পর্যন্ত চট্টগ্রাম জেলার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ৩০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১০৬ জন রোগী আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।