১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুটিকয় ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না: বাণিজ্য উপদেষ্টা

"পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে। কোনো অস্বচ্ছতা রেখে বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবে না।"

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 03:32 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

বাজারে পণ্য সরবরাহে কোন কৃত্রিম সংকট ‘তৈরি করতে দেওয়া হবে না’ বলে কঠোর বার্তা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। 

উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে চাহিদা ও যোগানে ‘ভারসাম্য ফিরিয়ে আনার উপরে’ গুরুত্বারোপ করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

তিনি বলেন, “আমরা বাণিজ্য বেশি সংখ্যক মানুষের সংযোগ বাড়াতে চাই। এর মাধ্যমে বাজারে সরবারহ বাড়বে। গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না এবং সরবারাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবেনা।“

বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে সার্বিক বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য নিয়ে মতবিনিময় সভায় কথা বলছিরেন বশির উদ্দিন।

লেনদেন পক্রিয়ায় ‘আধুনিকায়ন প্রয়োজন’ মন্তব্য করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, "সনাতন কাঠামো পরিবর্তন করতে হবে। স্বচ্ছতা আনতে হবে লেনদেনে। কাউকে অপরাধী হিসেবে পরিচিত করা আমাদের উদ্দেশ্য নয়। 

"পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে। কোনো অস্বচ্ছতা রেখে বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবে না।" 

তিনি বলেন, "আমাদের কাছে তথ্য আসছে খাতুনগঞ্জে ডিও ও এসও বিক্রি হচ্ছে। বাণিজ্য এখন ভার্চুয়ালি হচ্ছে, পণ্য সরবরাহ হচ্ছে না। শুধু ডিও বিক্রি করে লাভবান হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের এটা থেকে বেরিয়ে আসতে হবে।

সভায় চট্রগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম জানিয়েছেন, গত ২ মাসে চট্টগ্রাম বিভাগে স্টেক হোল্ডারদের সাথে ৬১ টি মতবিনিময় সভা চার শতাধিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হয়েছে। এসব অভিযানে ৪৮ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে।

চট্রগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আলীম আখতার খান, টিসিবি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং ছাত্র প্রতিনিধি জোবায়েরুল আলম বারী বক্তব্য রাখেন।

সভায় চট্রগ্রাম বিভাগের জেলা প্রশাসক, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।