২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপ নির্বাচনে নৌকার জয় আস্থার প্রতিফলন: আওয়ামী লীগ

চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে ভোট পড়ে সাড়ে ১৪ শতাংশ।

উপ নির্বাচনে নৌকার জয় আস্থার প্রতিফলন: আওয়ামী লীগ

চট্টগ্রাম-৮ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2023, 09:57 PM

Updated : 28 Apr 2023, 09:57 PM

চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচনে নৌকার বিজয়ে সরকারের প্রতি মানুষের আস্থা ও ভরসার প্রতিফলন দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নেতারা।

শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো যুক্ত বিবৃতিতে এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে সাড়ে ১৪ শতাংশ ভোট পড়ে। আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ ৬৭ হাজার ২০৫ ভোট পেয়ে বিজয়ী হন।

নগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সই করা এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করায় নির্বাচনী এলাকার ভোটার ও দলের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন নেতারা।

বিবৃতিতে বলা হয়, “তীব্র তাপদাহ ও বিরূপ প্রাকৃতিক পরিস্থিতিতে যে সকল ভোটার ভোটকেন্দ্রে এসে নৌকা প্রতীকের পক্ষে রায় প্রদান করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।

“আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচন ছিল একটি চ্যালেঞ্জিং ইস্যু। কেননা যারা নির্বাচনকে ভয় পায় এবং জনগণের প্রতি আস্থা ও ভরসাহীন তারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল।”

বিবৃতিতে আওয়ামী লীগ নেতারা বলেন, “চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচনে নৌকার এই বিজয়ে সরকারের প্রতি মানুষের আস্থা ও ভরসার প্রতিফলন ঘটেছে।”

নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মীরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক নজরদারির ফলে নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে উল্লেখ করে বিবৃতিতে তারা বলেন, “এটা সকলের জন্যই একটি সফল অর্জন।“

আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী নোমান আল মাহমুদ এলাকার প্রধান প্রধান সমস্যাগুলো এবং প্রাণের দাবি কর্ণফুলী সেতু বাস্তবায়নে তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন এমন আশা জানিয়ে বিবৃতিতে বলা হয়, “এ বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাবেন।”

বিবৃতিদাতারা হলেন- নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, উত্তর জেলার সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, নগরের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।

পুরনো খবর:

চট্টগ্রাম-৮: ভোটের হার ১৪%, বিজয়ী নোমান