চট্টগ্রামে পোশাক কারখানার গুদাম পুড়ল
দুই ঘণ্টার চেষ্টায় বেলা ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
চট্টগ্রাম নগরীতে আগুনে পুড়েছে একটি পোশাক কারখানার গুদাম।
বুধবার সকাল ১০টার দিকে নগরীর সিটি গেইট এলাকায় গার্টেক্স গার্মেন্টস নামের ওই কারখানার গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় বেলা ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন বলে আকবর শাহ থানার ওসি গোলাম রব্বানী জানান।
তিনি বলেন, “গার্টেক্স গার্মেন্টেসের ওয়্যার হাউজে আগুনের সূত্রপাত হয়। সেখানে বিভিন্ন ধরনের পোশাক রাখা ছিল।”
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুর রাজ্জাক বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও বায়েজিদ স্টেশনের ছয়টি ইউনিট বেলা আড়াইটার দিকে পুরোপুরি আগুন নেভায়।
প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গুদামটিতে আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক নির্ধারণ করা যায়নি।
