১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নিখোঁজের দুদিন পর শিশুর লাশ পাওয়া গেল নালায়

ড্রেনের রেলিংয়ের ওপর বিদ্যুতের তার ধরে দৌড়াদৌড়ি করার সময় বিদ্যুতায়িত হয়ে ড্রেনে পড়ে যায় মনির, সিসিটিভি ফুটেজ দেখে বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:34 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

চট্টগ্রামে নিখোঁজের দু্ই দিন পর মনির হোসেন নামের এক শিশুর লাশ পাওয়া গেছে ড্রেনে। 

মঙ্গলবার বিকালে নগরীর চান্দগাঁও এক কিলোমিটার এলাকার নূরনগর হাউজিং ও কর্ণফুলী হাউজিং সোসাইটির মধ্যবর্তী জায়গায় একটি নালা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়দের সঙ্গে কথা বলার পর পুলিশ করছে, রোববার সন্ধ্যার দিকে ড্রেনের রেলিংয়ের ওপর বিদ্যুতের তার ধরে দৌড়াদৌড়ি করার সময় বিদ্যুতায়িত হয়ে ড্রেনে পড়ে যায় মনির। 

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মা ও নানার সঙ্গে খরমপাড়া এলাকায় থাকত শিশুটি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ড্রেন থেকে একটি শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়, যা পরে মনিরের বলে জানা যায়।” 

থানার এসআই মোমিনুল হাসান বলেন, “যে ড্রেন থেকে শিশুটির লাশ পাওয়া যায়, তার পাশ দিয়ে লোকজন চলাচল করে। শিশুরা খেলাধুলাও করে। 

“লাশ উদ্ধারের পর ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। সেখানে দেখা যায়, শিশুটি রেলিংয়ের ওপর খেলছিল। কাছেই একটি বিদ্যুতের তার ধরে দৌড়াদৌড়ি করার সময় সে বিদ্যুতায়িত হয়ে ড্রেনে পড়ে যায়।” 

শিশুটির খোঁজ না পেয়ে সোমবার সন্ধ্যায় তার পরিবারের পক্ষ থেকে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয় বলে জানান এসআই মোমিনুল। 

তিনি বলেন, গত দুই দিন ড্রেনটিতে পানি বেশি ছিল। মঙ্গলবার পানি কমে যাওয়ায় লাশটি দেখা যায়। লাশ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করা হয়েছে।