১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফুটপাত-সড়ক দখল: চট্টগ্রামে ৫ জনকে জরিমানা

চট্টগ্রাম মহানগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করার ঘোষণা দিয়ে গত ৮ ফেব্রুয়ারি অভিযান শুরু করে সিটি করপোরেশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2024, 08:51 PM

Updated : 03 Mar 2024, 09:57 PM

উদ্ধার করা সড়কে অবৈধ দখল ঠেকাতে আবারও অভিযান চালিয়ে পাঁচজনকে ১১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

রোববার দুপুরে নগরীর নিউ মার্কেট থেকে বিআরটিসি মোড় পর্যন্ত এ অভিযান চালানো হয় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে।

তিনি বলেন, “সিটি করপোরেশনের লক্ষ্য হচ্ছে, ফুটপাথ-সড়ক দখল হতে না দেয়া। পুরো শহরের সব ফুটপাত-সড়কই আমাদের এ কার্যক্রমের আওতায় আসবে।

“হকারদের বারবার বলা হয়েছে, ফুটপাত-সড়ক দখল না করতে। মাইকিং করেও সরে যেতে বলা হয়েছে। এরপরও যারা সরেনি তাদের অপসারণ করেছি। ফুটপাতে কোনোভাবেই কোনো স্থাপনা তৈরির সুযোগ নেই। অভিযানে রাস্তা, নালা ও ফুটপাত দখল করা পাঁচ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।”

চট্টগ্রাম মহানগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করার ঘোষণা দিয়ে গত ৮ ফেব্রুয়ারি অভিযান শুরু করে সিটি করপোরেশন।

অভিযানের চারদিনের মাথায় ১২ ফেব্রুয়ারি পুনরায় দখল ঠেকাতে অভিযানে গেলে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় হকাররা। এসময় পুলিশ ও করপোরেশনের কর্মীসহ ১৫ জন আহত হন। ভাঙচুর করা হয় প্রতিষ্ঠানটির বেশকিছু যানবাহন।

রোববারের অভিযানের বিষয়ে সিটি মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন, “ফুটপাত জনগণের জন্য এবং সড়ক যানবাহনের জন্য। আমাদের বার্তাটা হচ্ছে, ফুটপাত দিয়ে জনগণ হাঁটবে আর রাস্তা দিয়ে গাড়ি চলবে। ফুটপাতে-রাস্তায় ব্যবসা হবে না, ব্যবসা হবে ব্যবসা প্রতিষ্ঠানে।

“প্রথমবার যখন উচ্ছেদ করেছিলাম, তখন বলেছিলাম সময়ে-সময়ে এখানে ফুটপাত ও সড়ক যদি আবার দখল হয়ে যায়, সেটা পর্যবেক্ষণে রেখে উচ্ছেদে যাব। সে অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে।”