হারুন বশর হত্যা: তদন্ত কর্মকর্তাকে হাজির করতে পরোয়ানা
এর মধ্য দিয়ে ১৯৯২ সালের মামলাটি ৩০ বছর পর আবারও ‘গতি পাচ্ছে’ বলে মনে করছেন পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
ফটিকছড়ির ভূজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন বশর হত্যা মামলা ‘গতি পাচ্ছে’ প্রায় পাঁচ বছর পর।
রাষ্ট্রপক্ষের আবেদনে চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম মঙ্গলবার এ মামলার তদন্ত কর্মকর্তা এবং এক সাক্ষীকে আদালতে হাজির করতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
এর মধ্য দিয়ে ১৯৯২ সালের মামলাটি ৩০ বছর পর আবারও ‘গতি পাচ্ছে’ বলে মনে করছেন পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
তিনি বলেন, “মামলাটির কার্যক্রম দীর্ঘদিন থমকে ছিল। আমি দায়িত্ব গ্রহণের পর মামলাটি গতিশীল করতে উদ্যোগ নিয়েছি। মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে আদালতে আবেদন করেছি।”
তিনি বলেন, বারবার তাগাদা দিলেও হাজির না হওয়ায় আদালত দুজন সাক্ষীকে হাজির করতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তারা হলেন- মামলার তদন্ত কর্মকর্তা জালাল উদ্দিন এবং সাক্ষী শাহ জাহান। মামলার পরবর্তী শুনানির দিন ১ ফেব্রুয়ারি।
মামলার এক আসামি নুর ছফা এরইমধ্যে মারা গেছেন। বাকি তিন আসামি- ইলিয়াস, অলি উল্লাহ ও নাজিমের কী খবর, সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে আদালত।
১৯৯২ সালের ৮ মে ফটিকছড়ির মোহাম্মদ তকিরহাট এলাকায় গাড়িতে হামলা চালিয়ে হত্যা করা হয় ভূজপুর ইউনিয়ন আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক হারুন বশরকে। ওই ঘটনায় করা মামলায় ২৬ জনকে আসামি করে সেই বছরই অভিযোগপত্র দেয় পুলিশ।
অভিযোগপত্রের অন্যতম আসামি দিদারুল আলম জামিনে আছেন। মো. নাসির উদ্দিন (শিবির নাসির) ও শফিউল আলম বর্তমানে কারাগারে। বাকিরা পলাতক।
পলাতক আসামিরা হলেন- নাছির উদ্দিন, কমরু, সেলিম, ইকবাল, সোলাইমান, হুমায়ূন, মো. ইয়াকুব, তৈয়ব, হোসেন, সাইফুদ্দিন, নুরুল ইসলাম, সুজা, জামশেদ, নাছিরুল, মাহবুব, মো. জসিম, শফি, শাহ আলম, জাহাঙ্গীর, ইলিয়াস, অলি উল্লাহ ও নাজিম উদ্দিন।
তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল।
২০১৭ সালের ২৫ মে আওয়ামী লীগের বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ মামলায় সাক্ষ্য দিয়েছিলেন। পরের পাঁচ বছরে আর কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি।
ওইদিন মোশাররফ হোসেন আদালতে বলেছিলেন, ইসলামী ছাত্রশিবিরের ‘ক্যাডার’ হিসেবে পরিচিত মো. নাসির উদ্দিনের (শিবির নাসির) নেতৃত্বে হামলা চালানো হয়েছিল বশরের ওপর।
সেদিন ফটিকছড়ির আজাদী বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের সম্মেলনে চলাকালে ছাত্রশিবির ও এনডিপির ১০০/১৫০ জন কর্মী এলোপাতাড়ি গুলি করলে সম্মেলন বন্ধ হয়ে যায়। সেখানে গুলিতে খুন হয় ছাত্রলীগকর্মী জমির উদ্দিন।
হামলায় সম্মেলন পণ্ড হওয়ার পর জমিরের জানাজা পড়ে গাড়িতে করে শহরে ফিরছিলেন তৎকালীন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন হারুন বশর।
আদালতে দেওয়া সাক্ষ্যে ঘটনার বর্ণনা দিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেছিলেন, “সন্ধ্যার দিকে নিশান পেট্রল গাড়িতে চড়ে শহরে ফেরার সময় তকিরহাট এলাকায় পৌঁছালে ৪০-৫০ জনের সশস্ত্র একটি দল গাড়িতে হামলা করে।
“গাড়ির সামনের আসনে ছিলেন হারুন বশর। মাঝখানে আমি ও আবু আহমেদ। পিছনের আসনে ইউনুস গণি চৌধুরী এবং জসিম উদ্দিন শাহ ও সাজ্জাদ।”
সশস্ত্র হামলাকারীরা হারুন বশরের বুকে অস্ত্র তাক করলে তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন বলেও জানিয়েছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ।
“হারুন বশরকে গাড়ি থেকে নামিয়ে ফেললে আমি তাকে ছেড়ে দিতে বলি। এসময় আমার চোখের সামনে ব্রাশফায়ার করে বশরকে হত্যা করে। তারপর নাসির আমার বুকে অস্ত্র তাক করে।”
গাড়ির পেছনের আসনে বসা তিনজন নামলে তাদেরও ধাওয়া দেওয়া হয় বলে সাক্ষ্যে বলেছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ। পরে সড়কের পাশের বেতের ঝোঁপে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন তারা।
ওই ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফের গাড়িচালক ইদ্রিস মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। ১৯৯২ সালের ১৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়ার পর অভিযোগ গঠন হয় ২০০২ সালের ২৫ জুন।
এরই মধ্যে কয়েকজন আসামি ও সাক্ষী মারা গেছেন। মামলায় এখন পর্যন্ত সাতজন সাক্ষ্য দিয়েছেন।
