২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকিকে তোয়াক্কা না করার হিম্মত শেখ হাসিনার আছে: নওফেল

একাত্তরে পরাজিত শক্তির লোলুপ দৃষ্টি পড়েছে বলে মনে করছেন শিক্ষা উপমন্ত্রী।

হুমকিকে তোয়াক্কা না করার হিম্মত শেখ হাসিনার আছে: নওফেল

চট্টগ্রামের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 10:35 PM

Updated : 24 Jun 2023, 10:35 PM

হুমকিকে তোয়াক্কা না করার হিম্মত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে এবং তিনি তা দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার নগরীর ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য নওফেল বলেন, “ একাত্তর সালে যে পরাক্রমশালী দেশটি মুক্তিযুদ্ধে সরাসরি আমাদের বিরোধীতা করেছিল সেই দেশটি আবার আমাদের দিকে লোলুপ দৃষ্টি ফেলেছে।

"ঐ দেশটির জানা উচিত আমরা একাত্তর সালের বিজয়ী শক্তি ছিলাম। তাই তাদের হুমকিকে তোয়াক্কা না করার হিম্মত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে এবং তিনি তা দেখিয়েছেন।"

সমাবেশে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, "আওয়ামী লীগ কখনও দেশ বিক্রি করে ক্ষমতায় আসেনি, আসবেও না। জনগণ যখনই চাইবে তখনই আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, আছে এবং থাকবে। এই সত্যটি আমরা অন্তর থেকে ধারণ করি।"

Image

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের নেতারা অংশ নেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, বিগত বছরগুলোতে বর্তমান সরকারের যে সাফল্য ও অর্জনগুলোর প্রাপ্তি ঘটেছে এর বৃত্তান্ত ভোটারদের কাছে এখন থেকেই তুলে ধরে তাদের মন জয় করতে পারলে সামনের নির্বাচনেও আওয়ামী লীগ চট্টগ্রামের ছয়টি আসনেই জয়লাভ করবে।

সম্মেলনে উদ্বোধন করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।

৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, ওয়ার্ড আওয়ামী লীগের মো. মঞ্জুর হোসাইন, আনোয়ার হোসেন বাবুল, আবুল কালাম, ইউনিট আওয়ামী লীগের মো. সালাউদ্দিন, হাছান মুরাদ জকু ও মো. আলমগীর বক্তব্য দেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে মো. শামসুল আলমকে সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দিতায় আশরাফুল আলম সাধারণ সম্পাদক হিসেবে পুননির্বাচিত হন।