ডিপোর আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মাসুদ রানা নামের ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি ডিপোতে কন্টেইনার ওঠা-নামার কাজ করতেন। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়।
হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।
শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বেসরকারি ওই কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে। তিন দিন পেরিয়ে গেলেও ডিপোর আগুন এখনও পুরোপুরি নেভানো যায়নি।
মঙ্গলবার পর্যন্ত ২৬ জনের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে লাশ উদ্ধার করার কথা জানিয়েছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। বাকিদের পোড়া লাশ আর চেনার মত অবস্থায় না থাকায় পরিচয় জানতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা হয়েছে।
এ ঘটনায় হতাহতের বেশিরভাগই ফায়ার সার্ভিস কর্মী, ডিপোর শ্রমিক-কর্মচারী, কন্টেইনারবাহী গাড়ির চালক-সহকারী ও শ্রমিক। আহতদের মধ্যে ৯০ জন এখনও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও ১৪ জন ভর্তি আছেন।
