চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলনের সম্ভাব্য সময় আগামী জুন
আগামী জুনে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন হতে পারে। তবে তার আগে তৃণমূলের সঙ্কট ও সম্মেলন শেষ করতে হবে।
মঙ্গলবার নগর কমিটির বর্ধিত সভায় এই সিদ্ধান্ত এসেছে।
এর আগে গত বছরের অক্টোবরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে দুই দিনব্যাপী কার্যকরী কমিটির সভা শেষে প্রায় একই রকম সিদ্ধান্ত এসেছিল।
তখন সম্মেলনের সময় নির্ধারণ করা হয়েছিল গত ডিসেম্বরের পর। কিন্তু সেই সিদ্ধান্তের বাস্তবায়ন হয়নি।
এই সময়ের ব্যবধানে সদস্য সংগ্রহ ও নবায়ন নিয়ে পুরনো মতভেদের সঙ্গে নতুন যোগ হয়েছে ইউনিট সম্মেলন নিয়ে বিরোধ।
এর মধ্যে মঙ্গলবার কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই দফা বৈঠক হয় সার্কিট হাউজে।
সভা শেষে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সাংবাদিকদের বলেন, “যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগরের পরেই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম মহানগর। তাই মাননীয় সভানেত্রীর সাথে কথা বলে, জুন মাসে উনার সুবিধামতো সময়ে কাউন্সিল সম্পন্ন করতে চাই।”
এর আগে ঈদের পরপরই সব অসম্পূর্ণ ইউনিট, থানা ও ওয়ার্ড সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, “যেহেতু সামনে বর্ষা। টার্গেট জুনের মধ্যে সব শেষ করতে চাই। তারা (স্থানীয় নেতা) আমাদের কথা দিয়েছেন, সম্মিলিতভাবে এগিয়ে যাবেন।”
এরআগে একতরফাভাবে ইউনিট সম্মেলন করার অভিযোগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের পক্ষের বিরুদ্ধে করেছিলেন প্রয়াত সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা।
তার পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে ৬ শীর্ষনেতাকে দায়িত্ব দেওয়া হয় ১৫টি সাংগঠনিক থানায় ১৫টি টিম গঠনে।
তারপর প্রায় দুই মাস পেরিয়ে মঙ্গলবারের বর্ধিত সভায় সেই ১৫টি সাংগঠনিক টিমের প্রধান সমন্বয়কারীদের নাম চূড়ান্ত হয় ও অনুমোদন করে সভা।
এ বিষয়ে কেন্দ্রীয় নেতা স্বপন বলেন, “সাংগঠনিক প্রধানদের নাম অনুমোদন করেছি। তাদের সাথে বিকেলে আবার বৈঠক হয়। আগামীকাল সন্ধ্যায় ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মেয়র এম রেজাউল করিম চৌধুরী এবং সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বসে সাংগঠনিক কমিটির পূর্ণাঙ্গ রূপ দেবেন।”
প্রতিটি সাংগঠনিক টিমে নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে থেকে ৪ জন করে মোট ৬০ জন স্থান পাবেন।
সাংগঠনিক টিমের কার্যক্রম সম্পর্কে স্বপন বলেন, “ইতিমধ্যে যে ইউনিট সম্মেলন সম্পন্ন হয়েছে। এ নিয়ে কিছু অভিযোগ দাখিল হয়েছে। তারা সংশ্লিষ্ট থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে বসে পর্যালোচনা করে সেখানে কোনো অনিয়ম, ব্যাত্যয় হয়েছে কিনা দেখে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন।
“যদি সমাধান করতে না পারে, মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করবে। আমরা এগুলো নিয়ে আবার মহানগরের নেতৃবৃন্দের সাথে বসে আলোচনা করে সম্পন্ন করব। এজন্য এক মাস সময় দেওয়া হয়েছে।”
এই প্রসঙ্গে তিনি বলেন, “চট্টগ্রামের নেতৃবৃন্দের প্রতি পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। তারা কোনো অনুপ্রবেশকারীকে দলে স্থান দেবেন না।”
বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর উপস্থিত ছিলেন।
নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন বাচ্চুসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, ১৫টি থানার সভাপতি-সাধারণ সম্পাদকরাও সভায় ছিলেন।
আরও পড়ুন-
