২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসি হিলে অনুষ্ঠানে আর ‘আপত্তি  নেই’ মোশাররফের

‘অপরিচ্ছন্ন’ হওয়ার কারণ দেখিয়ে প্রায় সাড়ে চার বছর আগে ডিসি হিলে অনুষ্ঠান ‘না করার’ আহ্বান জানালেও এখন আর ‘আপত্তি নেই’ বলে জানিয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 11:25 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

সোমবার সন্ধ্যায় নগরী থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বসন্ত উৎসবে যোগ দিয়ে আগামীতে ডিসি হিলে এমন অনুষ্ঠানে বাসন্তী রঙা পোশাকে সামিল হওয়ার ইচ্ছা জানিয়েছেন তিনি।

২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে ‘অপরিচ্ছন্নতার’ কারণ দেখিয়ে সেসময়কার মন্ত্রী মোশাররফ হোসেন ডিসি হিলে বছরে তিনটি অনুষ্ঠান ছাড়া অন্য আয়োজন ‘না করার’ আহ্বান জানান।

এই তিন অনুষ্ঠান হল- পহেলা বৈশাখ এবং রবীন্দ্র ও নজরুল জয়ন্তী। সাবেক মন্ত্রীর এই আহ্বানের পর থেকে চট্টগ্রাম জেলা প্রশাসন ডিসি হিলে সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া বন্ধ রাখে।

এর মধ্যে গত বছর অগাস্টে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সংস্কৃতি কর্মীদের অনুরোধের প্রেক্ষিতে ডিসেম্বর থেকে সাংস্কৃতিক আয়োজনের জন্য ডিসি হিল খোলার আশ্বাস দিয়েছিলেন।

তবে কোভিড-১৯ মহামারী সংক্রমণে সরকারি বিধি নিষেধ চলমান থাকায় তা আর হয়নি। এবারও অনুমতি চেয়ে না পাওয়ায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বসন্ত উৎসব আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ।

সোমবার দিনব্যাপী এ উৎসবে বিকেলের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন প্রায় সাড়ে চার বছর আগে নিজের দেওয়া বক্তব্য তুলে ধরেন।  

তিনি বলেন, “সেখানে এই বাদামওয়ালা, আইসক্রিমওয়ালা… এসে মানে কতগুলা ময়লা করে। এগুলো দূর করার জন্য বলেছিলাম। আমি এটা বলি নাই যে, অনুষ্ঠান না করার জন্য। যাই হোক, আমি এটা আলাপ করব।

“ইনশাল্লাহ আগামী দিনে আপনারা ওখানে (ডিসি হিলে) করতে পারবেন। এবং আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে, আপনাদের বসন্তের যে উৎসব করছেন সবাই বাসন্তী রঙের শাড়ি পাঞ্জারি পরে এসেছেন। আগামী বছর আমিও এরকম পোশাক পরে আপনাদের মাঝে আসব।”

মোশাররফ হোসেন বলেন, “বাঙালির ঐতিহ্য-সংস্কৃতি এটা বিশ্বে সমাদৃত। আমরা আমাদের উৎসবগুলো পালন করি। যে দিবসগুলো এবং রবীন্দ্রনাথ ও নজরুলের দিবসগুলো অবশ্যই খোলা মাঠে হওয়া উচিত।

“চট্টগ্রাম এমন একটি শহর এই শহর পৃথিবীতে সচরাচর দেখা যায় না। সমুদ্র, নদী, পাহাড় এরকম প্রাকৃতিক সৌন্দর্য্য নিয়ে যে শহর খুব কম দেখা যায়। এই প্রকৃতিকে আমাদের ধরে রাখতে হবে। প্রকৃতিকে আমাদের লালন করতে হবে।”

প্রকৃতিকে ধ্বংস না করার আহ্বান জানিয়ে চট্টগ্রামে সিআরবি এলাকা থেকে প্রস্তাবিত হাসপাতাল সরিয়ে নিতে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন।

“আজকে দেখছি সিআরবিতে গেট করে দিচ্ছে। সেখানে উঠতে দিচ্ছে না। এটা কোনোদিনও আমরা হতে দিব না। এটা বলতে চাই যে, রেলওয়ে সিআরবির যে অংশটা আছে পাহাড় ঘেরা…

“টোটাল চট্টগ্রামকে স্বয়ং আল্লাহ পাহাড় নদী সাগর দিয়েছেন। আমরা এটা কেন নষ্ট হতে দেব। আমাদের কেন ভেতরে ঢুকতে দেবে না? এটা তো হতে পারে না।”

শৈশবের স্মৃতিচারণ করে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন বলেন, “এই শহরে ছোটবেলা থেকে বড় হয়েছি প্রকৃতির মধ্যে। সেই প্রকৃতি নষ্ট হয়ে গেছে।

সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ডিসি হিল ‘খোলার’ আশ্বাস  

ডিসি হিলে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হলে লাই পাবে মৌলবাদ: যুব ইউনিয়ন  

চট্টগ্রামের ‘ডিসি হিল’ এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সংস্কৃতিকর্মীদের  

ডিসি হিলে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ‘নিষেধাজ্ঞা’ তুলে নেয়ার দাবি  

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে প্রত্যাহারের দাবি  

৫ মাস পর চট্টগ্রামে ডিসি হিলে অনুষ্ঠান  

চট্টগ্রামের ডিসি হিলে ফিরতে চান সংস্কৃতিকর্মীরা  

ডিসি হিলে অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ সংস্কৃতিমন্ত্রী  

“প্রাথমিক বিদ্যালয়ে যথন পড়তাম, কোর্ট বিল্ডিংয়ের এখানে যে সৌন্দর্য্য ছিল সেটাও বিল্ডিং টিল্ডিং হয়ে পুরা নষ্ট করে দিয়েছে। এটা ঠিক করে নাই। ওখানে অনেক সুন্দর পরিবেশ ছিল। প্রকৃতিকে যে ধ্বংস করে ফেলছি এটা ঠিক না।”

ডিসি হিলকে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মুক্ত করে দেওয়ার দাবি জানিয়ে প্রায় সাড়ে চার বছর ধরে সংস্কৃতি কর্মীরা দাবি জানিয়ে আসছেন।

‘সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ’ ও যুব ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ আন্দোলনে নামে। ২০১৭ সালের ১৩ ডিসেম্বর সম্মিলিত সাংস্কৃতিক জোট ঢাকায় এই দাবিতে সংবাদ সম্মেলন করে।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামের একটি আবৃত্তি সংগঠন ডিসি হিলে অনুষ্ঠান আয়োজনের অনুমতি পায়। তবে এরপর আর উল্লেখযোগ্য কোনো অনুষ্ঠান হয়নি।

২০১৮ সালের ২৫ জুলাই চট্টগ্রামের এক অনুষ্ঠানে সেসময়ের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ নিয়ে ক্ষোভ জানালেও ডিসি হিল সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত হয়নি।

এরপর করোনাভাইরাস মহামারী শুরু হলে কয়েক দফায় লকডাউনের সময় জনসমাগম এড়াতে ডিসি হিলে সকালে এবং বৈকালিক ভ্রমণের সময়ও বন্ধ রাখা হয়। পরে গত অগাস্টে তা খুলে দেওয়া হয়।

চট্টগ্রামের ডিসি হিলে উন্মুক্ত মঞ্চের পাশাপাশি পাহাড়ের চূড়ায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের বাসভবন রয়েছে।