২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোর্ট হিল: আইনজীবী সমিতির গাছ কাটার ঘটনা মন্ত্রণালয়কে জানাল জেলা প্রশাসন

চট্টগ্রামের আদালতপাড়ায় গাছ কাটা নিয়ে জেলা আইনজীবী সমিতির সঙ্গে দ্বন্দ্বের পর বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে জানিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 10:12 PM

Updated : 02 Aug 2022, 02:51 PM

সোমবার জেলা প্রশাসন থেকে গণমাধ্যমে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে নির্দেশনা পাওয়ামাত্র এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শনিবার সকালে জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়াম ভবনের সামনে গাছ কাটার সময় জেলা প্রশাসন পুলিশকে জানালে চার শ্রমিককে আটক করে পুলিশ।

জেলা প্রশাসনের দাবি, ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি জমির গাছ কাটা ও নির্মাণ কাজের প্রস্তুতি নেওয়ায় তা বন্ধে উদ্যোগ নিয়েছেন তারা।

আর জেলা আইনজীবী সমিতির দাবি, নিজেদের মালিকানাধীন জমিতে বিদ্যমান ভবনের বর্ধিত অংশের কাজের জন্য শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল। সেখানে কেউ বাধা দিতে পারে না।

সোমবার জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরীর পাহাড়ে রাতের আঁধারে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত টিলা শ্রেণির সরকারি জায়গায় গাছ নিধনের পর আজ সোমবার সকাল থেকে সরকারি সম্পদ (গাছ) বিনষ্টের আলামত ধ্বংস করার অপপ্রয়াসে ইতোমধ্যে কর্তনকৃত গাছের গোঁড়াটি অপসারণ করছে আইনজীবী সমিতি।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর নিকট পরীর পাহাড় রক্ষা সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করা হলে তিনি তাতে অনুমোদন দেন এবং এ সংক্রান্ত নির্দেশনা কয়েকটি মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হয়।

এই ‘অনুশাসন’ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এর বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতেও বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন চট্টগ্রাম নগর পুলিশের সহায়তায় অবৈধ ভবন নির্মাণের কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ করলেও আইনিজীবী সমিতি ‘অবৈধভাবে’ নব নির্মিত বাউন্ডারির আড়ালে তাদের অবৈধ কার্যক্রম পুনরায় শুরু করে বলেও দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।

অবশ্য আইনজীবী সমিতির দাবি, আইনজীবী মিলনায়তন ভবনের এক্সটেশন কাজের জন্য ওই গাছ কাটা হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য নয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বিজ্ঞপ্তিতে বলেন, “পরীর পাহাড়ে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় থাকা অবৈধ স্থাপনা অপসারণেরও নির্দেশনা দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী কোনো পাহাড় বা টিলার ওপর কোনোরূপ স্থাপনা করা যাবে না সরকারের পূর্বানুমতি ছাড়া। পরিবেশ সংরক্ষণ আইনে পাহাড় বা টিলার ওপর কোনোরূপ স্থাপনাই শুধু নয়, কোনো ধরনের পরিবর্তনই করা যাবে না।”

আরও পড়ুন

পরীর পাহাড়ে এবার গাছ কাটা নিয়ে ‘দ্বন্দ্বে’ জেলা প্রশাসন ও আইনজীবী সমিতি  

‘কোর্ট হিল’ নিয়ে বিরোধ দ্রুতই মিটবে, আশা আইনমন্ত্রীর  

‘পরীর পাহাড়’ সংরক্ষণেই কালুরঘাটে কমপ্লেক্স: জনপ্রশাসন সচিব  

পরীর পাহাড়ে নতুন ভবন: সিদ্ধান্তে অনড় চট্টগ্রামের আইনজীবীরা

চট্টগ্রামে পরীর পাহাড়ে ভবন নির্মাণ নিয়ে দ্বন্দ্বে প্রশাসন ও আইনজীবী সমিতি  

পরীর পাহাড়ে নতুন স্থাপনায় ‘প্রধানমন্ত্রীর মানা’  

পরীর পাহাড়কে ‘হেরিটেজ’ করার প্রস্তাব, সরকারি অফিস যাবে কালুরঘাট