চসিক নির্বাচন: সভায় ক্ষোভ, বাইরেও স্লোগান আ.লীগের বিদ্রোহীদের
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলরপ্রার্থীদের নমনীয় করতে নেতাদের চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে।
নগরীর থিয়েটার ইন্সটিটিউটে বৃহস্পতিবার তিন ঘণ্টা ধরে চলা সভা শেষ হয়েছে বিদ্রোহী প্রার্থীদের হট্টগোল, ক্ষোভ প্রকাশ আর স্লোগানের মধ্যে দিয়ে।
সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলা আলোচনায় জ্যেষ্ঠ নেতারা দলের সিদ্ধান্ত মেনে নেওয়া আহ্বান জানালেও তাতে কোনো কাজ হয়নি। সভায় কথা বলতে দেওয়া হয়নি, এমন অভিযোগ তুলে মঞ্চের কাছে দাঁড়িয়ে চিৎকার করে ক্ষোভ ঝেড়েছেন বিদ্রোহীরা; দাবি জানিয়েছেন, কাউন্সিলর পদ সবার জন্য উন্মুক্ত রাখতে।
পরে সভার বাইরে এসেও গণমাধ্যমের কাছে নিজেদের ক্ষোভের কথা জানান অনেকেই। এসময় কয়েকজন বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকরা দল মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে স্লোগানও দেন।
তবে সভায় অংশ নেওয়া দল মনোনীত একাধিক কাউন্সিলরপ্রার্থী জানিয়েছেন, সভার শেষ দিকে জ্যেষ্ঠ নেতারা বলেছেন, যারা মনোনয়ন চেয়ে পাননি তারা যেন দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
পাশাপাশি আগামী ৮ মার্চ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আসবেন। সেদিনও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আলোচনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে সভায়।
সভার পর এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে সমন্বয়কের দায়িত্বপালনকারী সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মনোনয়ন বোর্ড যে মনোনয়ন দিয়েছেন সেটাকেই আমরা ফলো করব।”
সিটি মেয়র ও নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “আওয়ামী লীগের যারা প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তাদের সাথে আমাদের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ ভাইসহ আমরা বসেছি। উনাদের বোঝানোর চেষ্টা করেছি।
“তাদের বলেছি- দল মানে নীতি আর্দশ। তাই মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছি।”
নগর কমিটির সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, “বলেছি যারা (বিদ্রোহী) আছেন তাদের প্রত্যাহার করে নিতে। আশা করি তারা আহ্বানে সাড়া দেবেন।”
বিদ্রোহীদের যত ক্ষোভ
সভার শেষদিকে এনামুল হক মুনিরী, জয়নাল আবেদীন, সাবের আহমদ, আনজুমান আরাসহ ৭-৮ জন মনোনয়নবঞ্চিত মঞ্চের সামনে দাঁড়িয়ে চিৎকার করে ক্ষোভ জানান।
এনামুল হক মুনিরী ও জয়নাল আবেদীন সংশ্লিষ্ট এলাকার সাংসদ এম এ লতিফকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন। তখন লতিফকে তাদের শান্ত করার চেষ্টা করতে দেখা গেছে।
এরপর বাইরে এসে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের কয়েকজন গণমাধ্যমকর্মীদের কাছে তাদের ক্ষোভ জানান।
তাদের প্রায় সবার অভিযোগ, সভা চলাকালে তাদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। নেতারা কোন ওয়ার্ড, দলীয় নেতাকর্মী-সমর্থক, কতজন প্রার্থী হয়েছেন সেসব তথ্য নিয়েছেন।
সভায় নিজেদের অভিযোগ ও প্রার্থী পরিবর্তনের দাবি জ্যেষ্ঠ নেতাদের জানান কয়েকজন বিদ্রোহী।
সিটি মেয়র আ জ ম নাছির যখন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছিলেন তথনও ‘ওপেন’, ‘ওপেন’ বলে স্লোগান চলতে থাকে।
৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে দলের মনোনয়ন না পাওয়া বর্তমান কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বক্তব্য রাখতে দেওয়া হয়নি। নেতারা বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা আসবেন। তাদেরকে আমাদের বিষয়টি জানানো হবে।
“বিদ্রোহী মানে কিন্তু খারাপ না। বিদ্রোহী মানেই সৃষ্টিশীল, আমরা ভালো কিছু করতে চাই। নির্বাচনের সুযোগ দেওয়া হোক।”
জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম এ নাসের বলেন, “কেউ কেউ মিথ্যা সাংগঠনিক পরিচয় দিয়ে মনোনয়ন নিয়েছেন। এটা সভায় বলতে চেয়েও সুযোগ পাইনি।”
৩৭ নম্বর ওয়ার্ডের এনামুল হক মুনিরী বলেন, “আমার ওয়ার্ডে টাকা নিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে রাজাকারের সন্তান।
মুনিরীর সমর্থকরা তখন ‘হুঁশিয়ার সাবধান জামায়াত শিবিরের দালালেরা’, ‘জামায়াত শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।
৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে মনোনয়ন বঞ্চিত বর্তমান কাউন্সিলর জয়নাল আবেদীন অভিযোগ করেন, তার ওয়ার্ডে দলীয় মনোনয়ন পাওয়া ব্যক্তি আগে অন্য দল করতেন।
১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের মনোনয়ন বঞ্চিত আবদুল মান্নানের অভিযোগ, তার ওয়ার্ডে দলীয় মনোনয়ন পাওয়া নুরুল আলমের ভাই বিএনপির কাউন্সিলর প্রার্থী ইয়াছিন চৌধুরী আছু।
আবদুল মান্নান বলেন, “গতবার আমি তিন হাজার ৮৯৪ ভোট পেয়েছি আর নুরুল আলম পেয়েছিল আটশ ভোট। একজন বিএনপি প্রার্থীর ভাইকে দল যে মনোনয়ন দিয়েছে এটা কেন্দ্রের নেতারা জানেন না। এমনকি আজকের সভাতেও এটা শুনে সিনিয়র নেতারা অবাক হয়েছেন।”
১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের মনোনয়ন বঞ্চিত বর্তমান কাউন্সিলর সাবের আহমদ বলেন, দল যাকে দিয়েছে এলাকায় তার গ্রহণযোগ্য নেই।
মনোনয়নবঞ্চিত নারী কাউন্সিলর আনজুমান আরা বলেন, “নেতারা সভায় স্বীকার করেছেন কিছু ভুল হয়ে গেছে, করার কিছু নেই। আপনারা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে নেন।
“৮ তারিখ দলের সাধারণ সম্পাদক আসবেন। তিনি সব দেখে পরিবর্তন পরিবর্ধন করবেন। তারপরও আমি বলব, যদি যোগ্যতার ভিত্তিতে দেওয়া না হয় তাহলে ওপেন করে দিতে বলব। তাহলে যোগ্যরা জয়ী হয়ে আসবে।”
এদিকে সভা চলাকালেই মনোনয়নবঞ্চিত লালখান বাজার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এফ কবির মানিক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম সভাস্থল ছেড়ে যান।
দলের মনোনয়ন পাওয়া কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বেশিরভাগই সভায় উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ, মেয়র নাছির, সাংসদ এম এ লতিফ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নগর কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন বাচ্চু, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, নগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন ধর, মশিউর রহমান ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক প্রমুখ।
