এবার ত্যাগের আহ্বান আ জ ম নাছিরের
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলের কাউন্সিলর প্রার্থী মনোনয়ন নিয়ে ক্ষোভ জানানোর একদিন পর মনোনয়ন না পাওয়াদের ‘ত্যাগ’ করার আহ্বান জানালেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বুধবার বিকালে নগরীর কে সি দে রোডে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
নাছির বলেন, “আগামীকাল আমাদের নেতা নির্বাচনী সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সবাইকে নিয়ে বসবেন।
“আপনারা যারা মনোনয়ন পেয়েছেন, যারা মনোনয়ন পাননি এবং সাধারণ ও সংরক্ষিত আসনের সবাইকে নিয়েই বসবেন। উনার সাথে আমার ফোনে কথা হয়েছে। আপনারা সবাই আসবেন।”
অনুষ্ঠানের শুরুতে নাছির বক্তব্য দেওয়া শুরুর পরপরই সেখানে উপস্থিত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এবার চেয়েও মনোনয়ন না পাওয়া নাছির বলেন, “আপনারা জানেন আমাদের সভানেত্রী মনোনয়ন বোর্ডের প্রধান জননেত্রী শেখ হাসিনা প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন....
“এই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের বিজয়ী হতে হবে। আমাদের মধ্যে সংকীর্ণতা, বিভক্তি, বিভাজন থাকলে এর প্রভাব মেয়র নির্বাচনে পড়বে।”
“দলের জন্য অনেকের অনেক মেধা শ্রম আছে। অনেকে ঝুঁকি নিয়েছেন, অনেকে জেল জুলুম সয়েছেন। এটাই নিষ্ঠুর বাস্তবতা। আজকের দিন শেষ দিন নয়। আরও দিন আছে। আশা করি, আপনারা সেভাবে চিন্তা করে ত্যাগী মনোভাবের পরিচয় দেবেন,” বলেন তিনি।
মঙ্গলবার যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভায় দলের কাউন্সিলর প্রার্থী মনোনয়ন নিয়ে নিজের ক্ষোভ ঝাড়েন নাছির। তিনি বলেছিলেন, কাউন্সিলর প্রার্থীরা কিভাবে মনোনয়ন পেয়েছে তা তিনি জানেন না।
দল মনোনীত কাউন্সিলর প্রার্থীদের ‘বিতর্কিত’ উল্লেখ করে তারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলের জনগণের কল্যাণ করতে পারবে কিনা সে প্রশ্নও রেখেছিলেন নাছির।
আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও না পাওয়া ১৩ জন সাবেক কাউন্সিলর নির্বাচনী মাঠে আছেন। এছাড়া চারটি বাদে প্রায় প্রতিটি সাধারণ ওয়ার্ডে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত একাধিক নেতা কাউন্সিলর প্রার্থী হয়েছেন।
দ্বিতীয় দফায় মেয়র প্রার্থী হতে না পারার ক্ষোভ থেকে নাছির গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাব এক অনুষ্ঠানে বলেছিলেন, তিনি ‘ষড়যন্ত্রের শিকার’ হয়েছেন।
বুধবারের অনুষ্ঠানে নির্বাচন সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোশাররফ উপস্থিত থাকলেও তিনি বক্তব্য রাখেননি। তবে পাশাপাশি বসা মোশাররফ ও নাছিরকে পরস্পরের সঙ্গে আলাপে দেখা গেছে।
অনুষ্ঠানে নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “২৯ মার্চ সিটি নির্বাচন। আমার দল আওয়ামী লীগ রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। উনাকে বিজয়ী করাটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।”
মেয়র প্রার্থী রেজাউল করিম বলেন, “আমার কৃতজ্ঞতা জননেত্রীর প্রতি তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে মনোনয়ন দিয়েছেন, নৌকা প্রতীক দিয়েছেন। এটা আমি রেজাউলের নয়, এটা নৌকার নির্বাচন।
“আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে পড়ব। দোয়া চাই, সুস্থ থেকে যেন নৌকার বিজয় ছিনিয়ে আনতে পারি।”
অনুষ্ঠানে নগর কমিটির উপদেষ্টা সফর আলী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ, খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সম্পাদক বদিউল আলম, মহিলা লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, নগর কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
