চসিক নির্বাচন: মাঠ ছাড়তে নারাজ আ’লীগের বিদ্রোহীরা
দল থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির পরেও চট্টগ্রাম সিটি নির্বাচনের মাঠে থাকতে অনড় আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত কাউন্সিলর প্রার্থীরা।
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের প্রায় সবার প্রার্থিতাই বৈধ ঘোষিত হয়েছে।
বিদ্রোহী প্রার্থীদের নিয়ে চট্টগ্রাম সিটি নির্বাচনের (সিসিসি) প্রধান সমন্বয়ক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আগামী ৫ মার্চ বৈঠকে বসবেন।
কিন্তু বিদ্রোহী প্রার্থীরা জানিয়েছেন, এই বৈঠকের বিষয়ে কেউ এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করেনি।
তবে জ্যেষ্ঠ নেতাদের আশা, দলের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবে এবং অধিকাংশ বিদ্রোহী প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।
ভোটে থাকতে চান পুরনোরা
গত ২৪ ফেব্রুয়ারি নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর মনোনয়ন নিয়ে নিজেদের আপত্তির কথা জানান তৃণমূলের নেতারা।
এরপর ২৮ ফেব্রুয়ারি নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় হুঁশিয়ার করা হয়, বিদ্রোহীরা প্রার্থিতা বহাল রাখলে ‘সংগঠনের প্রাথমিক সদস্য পদও থাকবে না’।
তবে দলের সমর্থন না পেলেও ১৪ জন বর্তমান কাউন্সিলরের মধ্যে ১৩ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাদের মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে।
‘বির্তকিতদের’ মনোনয়ন দেয়া, স্থানীয় বাসিন্দাদের চাপ এবং উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষা- এই তিন কারণে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে অনড় অধিকাংশ বিদ্রোহী প্রার্থী।
এবার দলের মনোনয়ন না পাওয়া ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুল কাদের ওরফে ‘মাছ কাদের’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নির্বাচন করব। গতবারও স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছিলাম।
“এটা তো স্থানীয় সরকার নির্বাচন। দল মনোনয়ন দিয়েছে। কেউ কেউ নিজেদের মত করে ম্যানেজ করেছে। আমার উপর জনগণের চাপ আছে। বাকি আল্লাহর ইচ্ছা।”
সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর এবার এই ওয়ার্ডে দল মনোনীত প্রার্থী ।
এবারই প্রথম কাউন্সিলর পদে লড়বেন (ওপরে বাম থেকে) মোহাম্মদ কাজী নূরুল আমিন মামুন, মো. ইসমাইল, মো. নূরুল আমীন, (মাঝখানে বাম থেকে) ওয়াসিম উদ্দিন, আবুল হাসনাত বেলাল, (নিচে বাম থেকে) আব্দুস সালাম, মো. সালাউদ্দিন, পুলক খাস্তগীর।
বর্তমান কাউন্সিলর সেলিম বলেন, “বিতর্কিত কিছু লোকজন নমিনেশন পেয়েছে। দলের ফোরামেই বলেছি কিছু বিষয় রিভিউ করতে। ৫ মার্চের সভায়ও বলব সংশোধন করতে।”
১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরীর পরিবর্তে মো. ইসমাইলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মোরশেদ আক্তার বলেন, “সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন করব। এটা স্থানীয় নির্বাচন। এখানে জনগণের প্রতিনিধিত্ব করতে হয়, জনগণ যাকে ভোটের মাধ্যমে বেছে নেয়।”
২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহর পরিবর্তে সাবেক কাউন্সিলর আব্দুর সবুর লিটন মনোনয়ন পেয়েছেন।
এরশাদ উল্লাহ বলেন, “কেন দলের মনোনয়ন পেলাম না সেটাই আমি জানি না। আমার বিরুদ্ধে কোনো সমালোচনা থাকলে সেটা তো আপনারাই জানতেন।
“এলাকার মানুষ মনে করে আমি নির্বাচিত হলে তাদের ভালো হবে। মানুষের জন্য আমি কাজ করতে চাই।”
দলীয় মনোনয়ন না পেলেও প্রার্থী হওয়া ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু এবং ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের জহুরুল আলম জসীম এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
২ নম্বর ওয়ার্ডে মো. ইব্রাহীম এবং ৯ নম্বর ওয়ার্ডে নুরুল আবসার মিয়া দলীয় মনোনয়ন পেয়েছেন।
৩০ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাজাহারুল ইসলাম চৌধুরীর পরিবের্ত সাবেক ছাত্রলীগ নেতা আতাউল্লাহ চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়।
তবে ‘অসুস্থ’ জানিয়ে মাজহারুলও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এছাড়া ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিভিন্ন কারণে সমালোচিত তৌফিক আহমেদ চৌধুরীর পরিবর্তে গাজী মো. শফিউল আজিম মনোনয়ন পেয়েছেন।
১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যার আসামি সাবের আহমেদের পরিবর্তে দল মনোনয়ন দিয়েছে নুরু আমিনকে।
রেলের জমি ও পাহাড় দখলের অভিযোগের মুখে থাকা ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ দলীয় মনোনয়ন চেয়েও না পেয়ে আর নির্বাচন করছেন না।
এবার এই ওয়ার্ডে দলীয় প্রার্থী করা হয়েছে ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিনকে।
১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এফ কবির মানিক। নানা কারণে আলোচিত মনিক এবং সুদীপ্ত হত্যা মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধরণ সম্পাদক দিদারুল আলম মাসুম দলের মনোনয়ন পাননি।
দল স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত বেলালকে মনোনয়ন দিলেও জামিনে থাকা মাসুম ও মানিক আছেন নির্বাচনী লড়াইয়ে।
বর্তমান কাউন্সিলরদের মধ্যে ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের এইচএম সোহেলের পরিবর্তে শেখ জাফরুল হায়দার চৌধুরী, ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের হাসান মুরাদ বিপ্লবের পরিবর্তে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন এবং ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের জয়নাল আবেদীনের পরিবর্তে আব্দুল বারেক এবার দলের প্রার্থী।
দলের মনোনয়ন না পাওয়া এ তিনজনও আছেন ভোটের মাঠে।
মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়ার পর কাউন্সিলর পদে নগরীর রাজনীতিতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা বেশিরভাগই বাদ পড়েছেন।
আশায় জ্যেষ্ঠ নেতারা
আগামী ৫ মার্চ বিদ্রোহীদের নিয়ে সভা করার কথা থাকলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত কেউ তাদের যোগাযোগ করেননি।
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেন, “মোশাররফ ভাই আগামীকাল ভারত থেকে দেশে ফিরবেন। তারপর যোগাযোগ করা হবে।”
নগর কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, “এই প্রথম দলীয়ভাবে মনোনয়ন প্রক্রিয়া, তাই একটু সময় লাগছে।
“এখনো সময় আছে। আশা করি অধিকাংশই প্রত্যাহার করে নেবেন। আওয়ামী লীগের মানুষ দলকে ভালোবাসে। কারও মনে দুঃখ থাকলেও দলের জন্য সবাই এক হয়ে কাজ করবে।”
আগামী ৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রেখেছে নির্বাচন কমিশন।
