২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা পাচার: এসআইসহ তিনজন রিমান্ডে

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার এসআইসহ তিনজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2018, 08:17 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

মঙ্গলবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া তিনজন হলেন- এসআই বদরুদ্দোজা, ট্রাকচালক মোক্তার ও তার সহকারী সজীব ওরফে বাবু।

জেলা পুলিশের ওসি (প্রসিকিউশন) বিজন কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় তিনজনের প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়।

“শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।”

২৯ অগাস্ট গভীর রাতে মিরসরাইয়ের নিজামপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে বাসার ফার্নিচারের মধ্যে ফাইল কেবিনেট থেকে ২৯ হাজার ২৮৫ ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

ওই কেবিনেট থেকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ থেকে চট্টগ্রাম নগর পুলিশে বদলি হয়ে আসা এসআই বদরুদ্দোজার নাম, বিপি নম্বর ও মোবাইল নম্বরসহ সিল লাগানো একটি ডায়েরি উদ্ধার করা হয়। এছাড়াও চালকের কাছে বদরুদ্দোজার ভিজিটিং কার্ড পাওয়া যায়।

এঘটনায় র‌্যাবের পক্ষ থেকে চালক ও সহকারীকে আসামি করে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছিল।

নগরীর হাইলেভেল রোডে ওই কর্মকর্তার বাসায় তল্লাশি করে এসআই বদরুদ্দোজাকে জিজ্ঞাসাবাদের জন্য খুলশী থানায় নিয়ে যাওয়া হয়েছিল।

প্রাথমিক তদন্তে ইয়াবা পাচারে সম্পৃক্ততা পাওয়ায় ১ সেপ্টেম্বর বদরুদ্দোজাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

পুরনো খবর:

ইয়াবা পাচারে এসআই গ্রেপ্তার
পুলিশের মালবাহী ট্রাকে করে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২