পুলিশের মালবাহী ট্রাকে করে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২
চট্টগ্রামের মিরসরাইয়ে এক পুলিশ কর্মকর্তার বাসার ফার্নিচার বহনকারী ট্রাক থেকে ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।
নিজামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শুক্রবার গভীর রাতে ওই ট্রাক থেকে ২৯ হাজার ২৮৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
এঘটনায় ট্রাক চালক মোক্তার (২৪) ও তার সহকারী সজীব ওরফে বাবুকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকের মধ্যে একটি ফাইল কেবিনেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ফাইল কেবিনেটে একটি ডায়েরি পাওয়া যায়, যেখানে এসআই বদরুদোজা মাহমুদের বিপি নম্বরসহ সিল ও মোবাইল নম্বর, ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ লেখা সিল আছে।
“তাছাড়া চালকের কাছ থেকে ওই পুলিশ কর্মকর্তার ভিজিটিং কার্ডও পাওয়া গেছে।”
ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব-৭ এর ডিএডি আব্দুল্লাহ আল মামুদ বাদি হয়ে মিরসরাই থানায় গ্রেপ্তার চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা করেছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার বিকালে এসআই বদরুদোজার ঢাকা মোহাম্মদপুর ২ নম্বর রোডের বাসা থেকে মালামাল নিয়ে চট্টগ্রামে আসে ট্রাক চালক। লালখান বাজার হাইলেভেল রোডে মালামালগুলো নামিয়ে চলে যাবার সময় এসআই বদরুদ্দোজা চালককে ফোন করে চট্টগ্রাম থেকে ফার্নিচার নিয়ে ঢাকায় যেতে বলেন। বিভিন্ন স্থান থেকে চালক মালামালগুলো গাড়িতে তুলে শুক্রবার রাতে রওনা করেন এবং গভীর রাতে ট্রাকটি আটক করা হয়।
র্যাব কর্মকর্তা মিমতানুর বলেন, “মালমালগুলো নিজের বলে এসআই বদরুদ্দোজা স্বীকার করেছে। তবে ইয়াবাগুলো কার সেটা জানা যায়নি।”
চট্টগ্রামের খুলশী থানার ওসি শেখ মো. নাসিরুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসআই বদরুদোজা সম্প্রতি ঢাকা থেকে বদলি হয়ে সিএমপিতে যোগদান করেছেন। এখনও পদায়ন না হওয়ায় দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত আছেন।
“অভিযোগ পেয়ে হাইলেভেল রোডের বাসাটি খুলশী থানা এলাকায় হওয়ায় আমরা তল্লাশি করেছি। সেখানে ইয়াবার কোনো আলামত পাইনি। মিরসরাই থানা পুলিশের পাশাপাশি বিষয়টি আমরা খোঁজ করছি।”
